গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ | সংবিধান বাঁচাও গণমঞ্চের সভা


1
গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ

স্টাফ রিপোর্টার — গ্রামে বসবাসকারী মহিলারা যাতে আর্থিকভাবে নিজেরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, তারজন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। খণ্ডঘোষ ব্লকের বেড়ুগ্রাম পঞ্চায়েত অফিসে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে ৫০ জন মহিলা প্রশিক্ষণ নেন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ ব্লক কৃষি তথ্য ও অনুসন্ধান কেন্দ্রের উদ্যোগে এবং আতমা প্রকল্পের অধীনে কৃষকদের পূর্ব শিক্ষার স্বীকৃতি ভিত্তিক দুই দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবিরে মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। দুদিনের এই শিবিরে উপস্থিত মহিলাদের জ্যাম, জেলি, আচার ইত্যাদি তৈরীর বিষয়টি হাতেকলমে শেখানো হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, ব্লক কৃষি আধিকারিক ডক্টর অসীম কুমার ঘোষ, আতমা প্রকল্পের আধিকারিক মৃগাঙ্ক আচার্য, শুভাশিস মুখার্জী প্রমুখ। অপার্থিব ইসলাম বলেন, এই ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে গ্রামীণ মহিলারা নিজেদের স্বাবলম্বী করে তোলার সুযোগ পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়ে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন। এরফলে এই মহিলারা নিজেরা অর্থ উপার্জনের মধ্যে দিয়ে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করতে পারবেন। এই প্রশিক্ষণ শিবির থেকে ওই সমস্ত প্রশিক্ষার্থীদের হাতে তৈরী সামগ্রী বাজারজাত করার বিষয়েও প্রশিক্ষকরা গুরুত্ব দিয়েছেন। এ ব্যাপারে তাদের আলোকপাত করেছেন।

2
সংবিধান বাঁচাও গণমঞ্চের সভা

সংবিধান ও দেশ আজ বিপন্ন, ইহা রক্ষার দায়িত্ব আমাদের। এই মর্মে সংবিধান বাঁচাও গণমঞ্চের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো গোদায় একটি অনুষ্ঠান ভবনে। এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি ইন্তাজ আলী শেখ, বিশিষ্ট সমাজসেবী ও চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও সমাজসেবী নুরুল হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় সরকার দশটি বিতর্কিত আইন ইতিমধ্যেই পাস করেছে। এর প্রভাব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর পড়বে। নানা ক্ষেত্রে সামাজিক অস্থিরতা তৈরী হবে। শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের বর্তমান সরকার জনহিতকর কাজ করার পরিবর্তে সাধারণ মানুষকে নানাভাবে দোলাচলে রাখার চেষ্টা করে চলেছে। নিত্যনতুন ফরমান জারি করছে। এদেশের যারা স্থায়ী বাসিন্দা তাদের বিদেশী বলে চিহ্নিত করা হচ্ছে। এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে। এর প্রতিবাদে আমাদের দেশের সংবিধানকে সুরক্ষিত রাখার কাজে সকলকে ব্রতী হতে হবে। নুরুল হাসান বলেন, কেন্দ্রীয় সরকারের নানান জন বিরোধী নীতি দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এটা কোনো সরকারের কাজ হতে পারে না। মানুষের জন্য কাজ করাটাই হলো যে কোনো নির্বাচিত সরকারের লক্ষ্য। তাই এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হবে।