1
এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন
এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদান করা হল। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের বিভিন্ন সমস্যা, যেমন নির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডারের অনুপস্থিতি, বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলিতে অবৈধ মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদের বহাল তবিয়তে অবস্থান, ক্যাম্পাসে অপর্যাপ্ত পরিকাঠামো, GS CASH সেল এর অনুপস্থিতি, ICC, Anti Ragging Committee এর স্বচ্ছ ভাবমূর্তির অভাব সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে এর আগেও একাধিকবার প্রতিনিধি মূলক স্মারকলিপি প্রদান করা বা বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়েছে এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে। এদিনও ৬ দফা দাবির ভিত্তিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডেপুটেশন দেওয়া হয়।
এর পাশাপাশি এদিন বিশ্ববিদ্যালয়ের গেটে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে জমায়েত করে ডেপুটেশন দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দিয়ে তাদের রাজবাটির অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। তপ্ত গ্রীষ্মের রোদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের হকের কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এরূপ আচরণের নিন্দা জানিয়েছেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি প্রবীর ভৌমিক, সম্পাদক উষসী রায় চৌধুরী, রাজ্য কমিটির সদস্য অয়ন মণ্ডল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সৌম্য চট্টোপাধ্যায়, সন্দীপ মণ্ডল এবং জেলা কমিটির সদস্য সোমনাথ মণ্ডল।
2
এসডিপিও সদর (দক্ষিণ)- এর নতুন অফিসের উদ্বোধন করলেন পুলিশ সুপার
পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় সেহারাবাজারের উপর দিয়ে চলে গেছে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক—এসএইচ ৭ । যা আরামবাগ-বর্ধমান রোড হিসেবে পরিচিত। বর্ধমান ও আরামবাগের মাঝে একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো সেহারাবাজার। গুরুত্বপূর্ণ গ্রামীণ বাণিজ্য এলাকায় হিসেবে পরিচিত এই সেহারাবাজার। যার উপর দক্ষিণ বর্ধমানের বহু গ্রামের নির্ভরতা রয়েছে। এই অঞ্চলের প্রশাসনিক পরিকাঠামো আরও মজবুত করার লক্ষ্যে সেহারাবাজারে উদ্বোধন হল এসডিপিও সদর (দক্ষিণ) – এর নতুন অফিস।
নতুন এই অফিসের উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস।
এই অফিসের উদ্বোধন করে পুলিশ সুপার সায়ক দাস বলেন, “সেহারাবাজার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। সাধারণ মানুষের সুবিধার্থে এখানে এই এসডিপিও অফিস খোলা হলো। ভবিষ্যতে এই অফিস আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই আশা করা যায়”।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, এসডিপিও সদর (দক্ষিণ) অভিষেক মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ।


