এক টাকার পাঠশালার শুভ সূচনা


এক টাকার পাঠশালার শুভ সূচনা

বর্ধমান শহরের ২৪ নম্বর ওয়ার্ডে কাঞ্চননগর বাজার এলাকায় পথচলা শুরু হলো এক টাকার পাঠশালার। অল্প খরচে সেরা শিক্ষা, আলোর পথে সবার দিশা — এই বার্তাকে সামনে রেখে এই সমাজসেবা মূলক কাজের সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবীরা। তাদের মধ্যে অন্যতম রাজু দাস বলেন, প্রথমে এই বিষয়টি আমার মাথায় এসেছিল। পরবর্তী পর্যায়ে স্থানীয় ভাই দাদা কাকা জেঠুদের হাত ধরে সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে পেরেছি। এখানে আমরা মাত্র এক টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের প্রতি মাসে শিক্ষাদান করবো। কেউ যেন মনে না করেন যে তিনি বিনা পয়সায় এখানে পড়াশোনা করছেন। তারা ফি হিসেবে এক টাকা দেবেন। রাজু বলেন, আমাদের সঙ্গে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা যুক্ত হয়েছেন। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা আমাদের এই স্বপ্ন সফলে সাহায্য করেছে। আমরা চাইবো ছেলেমেয়েদের প্রকৃত শিক্ষা দান করে তাদের জীবনের প্রতিষ্ঠা লাভের পথকে প্রসারিত করতে।