1
ইউনেস্কোর কালচারাল হেরিটেজে দীপাবলি স্থান পাওয়ায় উদযাপন সায়েন্স সেন্টারে
বাংলার দুর্গাপুজো ইতিপূর্বেই ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে। এবার সেই মর্যাদা পেল এ দেশের দীপাবলি উৎসব। ইউনেস্কোর কালচারাল হেরিটেজে ইনটেনজিবল রিপ্রেজেন্টেটিভ লিস্টে দীপাবলি স্থান পাওয়ায় রঙ্গোলি উৎসব পালন করলেন বর্ধমান সায়েন্স সেন্টার কর্তৃপক্ষ। এই প্রাঙ্গণকে রঙে রঙে সাজিয়ে তোলা হয়। এ প্রসঙ্গে বর্ধমান সায়েন্স সেন্টারের এডুকেশন অ্যাসিস্ট্যান্ট অঞ্জন মন্ডল বলেন, দীপাবলির এই মর্যাদা পাবার বিষয়টি সারা দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে উদযাপন করা হচ্ছে। বর্ধমানে এই বিষয়টি উদযাপন করছেন বর্ধমান সায়েন্স সেন্টার কর্তৃপক্ষ। এখানে রঙ্গোলির পাশাপাশি সন্ধ্যা বেলায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এছাড়া ইন্ডিয়ান কালচার এন্ড হেরিটেজ সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। দীপাবলীর এই মর্যাদা লাভের বিষয়টিকে সামনে রেখে সায়েন্স সেন্টারের বিল্ডিংটিও সাজিয়ে তোলা হয়েছে। (পজ্)
2
নাগরিক স্বাচ্ছন্দ্যে ২৬ নম্বর ওয়ার্ডে দশটি ঢালাই ও পাঁচটি পিচের রাস্তার কাজ চলছে
বর্ধমান পৌরসভার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড়ো ওয়ার্ড। এই ওয়ার্ডে দশটি পার্ট রয়েছে। এবছর বর্ষা দীর্ঘস্থায়ী হওয়ায় ওয়ার্ডে রাস্তা তৈরীর কাজে বিঘ্ন ঘটে। তবে পুজোর পর এই রাস্তা তৈরীর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুরসভার পক্ষ থেকে শহরের ৩৫টি ওয়ার্ডেই রাস্তা তৈরীর কাজে হাত লাগানো হয়। এই রাস্তা তৈরী শুরু হয়েছে ২৬ নম্বর ওয়ার্ডেও। এ খবর জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর নাজমুন আরা বেগম। তিনি বলেন, ইতিমধ্যেই এলাকার মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে পাঁচটি রাস্তায় পিচের কাজ চলছে। এছাড়াও দশটি ছোট রাস্তায় ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এই কাজ দ্রুত সম্পন্ন করার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নাজমুন বলেন, একইসঙ্গে এই দশটি ঢালাই রাস্তার পাশে ড্রেনগুলিও তৈরী
করা হচ্ছে। এরফলে জলনিকাশি ব্যবস্থায় সমস্যা হবে না। তিনি বলেন, এ বছর বর্ষা রাস্তা তৈরীর কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটানা তিন মাসের বেশি বৃষ্টি হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। পুজোর পর থেকে রাস্তা তৈরীর কাজে হাত দেওয়া হয়েছে। সেই কাজ চলছে।


