অভিযোগের জেরে বুলডোজার অভিযান, ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের উদ্যোগে গড়া অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন

অভিযোগের জেরে বুলডোজার অভিযান, ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের উদ্যোগে গড়া অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন

৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ও গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্রের ভিত্তিতে অবশেষে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। শুক্রবার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো বর্ধমান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাস্তার উপর গড়ে ওঠা একটি অবৈধ নির্মাণ।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির সামনের দোকান বন্ধ করে রাস্তার অংশ দখল করে নির্মাণ কাজ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এরফলে পথচলতি মানুষ ও এলাকার বাসিন্দাদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানান। পাশাপাশি গণস্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদনও করা হয়।
অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত করে এবং অবৈধ নির্মাণের সত্যতা পাওয়ার পর শুক্রবার বুলডোজার নিয়ে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতিতে রাস্তার উপর থাকা ওই নির্মাণ ভেঙে ফেলা হয়।
এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ,বর্ধমানের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নুরুল আলম ক্ষমতার অপব্যবহার করে তার উদ্যোগেই ওই নির্মাণকাজ করেছিলেন। যদিও এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কাউন্সিলরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এই খুশিতে এলাকাবাসীদের মিষ্টিমুখও করানো হয়। তাদের দাবি, সরকারি রাস্তা বা জনসাধারণের জায়গা দখল করে কোনও ধরনের অবৈধ নির্মাণ বরদাস্ত করা উচিত নয়। ভবিষ্যতেও এ ধরনের দখলদারির বিরুদ্ধে প্রশাসন একইভাবে কঠোর ব্যবস্থা নেবে বলেই আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।