৮ জুলাই তৃণমূলের ছাত্র-যুব মিছিলের শর্তসাপেক্ষ অনুমতি দিল হাইকোর্ট
আজ তৃণমূলের ছাত্র যুব সংগঠনের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে একাধিক শর্তসাপেক্ষে এই অনুমতি পাওয়া গেছে। নির্দেশ অনুযায়ী, এই মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত যাবে। কর্মসূচীর সময়সীমা দুপুর ২:৩০ থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। বলা হয়েছে মিছিল চলাকালীন অবস্থায় রাস্তার একটা দিক খোলা রাখতে হবে। অংশগ্রহণকারীর সংখ্যা এক হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। মঙ্গলবার এই মামলার শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের পক্ষে আইনজীবী ছিলেন রাজদীপ মজুমদার। উভয় পক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি শোনার পর বিচারপতি সবদিক পর্যবেক্ষণ করে বলেন, এটি একটি সাংবিধানিক আদালত। তাই নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে আদালত নীরব থাকতে পারে না। সেই পর্যবেক্ষণের পরেই শর্তসাপেক্ষে ৮ জুলাই মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।


