৬ বার তৃণমূলের ব্লক সভাপতি হওয়ায় সম্বর্ধিত অপার্থিব
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে পরপর ছবার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নির্বাচিত হলেন অপার্থিব ইসলাম। তার এই সাফল্যে সগড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনাজ্ঞাপন করা হলো তাকে।
২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে আবারও ২০২৫ সালে তাকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হলো। আর এই দায়িত্ব পাওয়ার পর দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার ব্যাপারে অগ্রণী ভূমিকা নেন অপার্থিব। ইতিমধ্যেই নানান গুরুত্বপূর্ণ জনমুখী কর্মসূচী পালনে তিনি এগিয়ে এসেছেন। উল্লেখ্য, পরপর ছবার ব্লক সভাপতি নির্বাচিত হবার পর এবার তাকে সম্বর্ধনাজ্ঞাপন করলো সগড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেস। সেয়ারাবাজারে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব মিলন চৌধুরীর উদ্যোগে এই সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে অপার্থিব ইসলাম এখানে তার প্রতি আস্থা রাখার জন্য তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলকে আরও শক্তিশালী করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে একটা অরাজকতার পরিবেশ তৈরি করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। তাই এখানে এসআইআর করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। কেন্দ্রের শাসকগোষ্ঠী এখানে সাম্প্রদায়িকতার বীজ বপন করে ভোটে মেরুকরণ করতে চাইছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের ও রাজ্যের সনাতন ঐতিহ্য সর্বধর্ম সমন্বয়কে রক্ষা করতে হবে। আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে খণ্ডঘোষ বিধানসভা আসনটি আমরা উপহার দেব। সেই শপথই আমাদের গ্রহণ করতে হবে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক, স্থানীয় পঞ্চায়েত সদস্য নীলুফা বেগম প্রমুখ।


