স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনাব্যয়ে ছাত্রছাত্রীদের কোচিং – এর ব্যবস্থা

 

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনাব্যয়ে ছাত্রছাত্রীদের কোচিং – এর ব্যবস্থা

প্রতিবছরই বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অরগানাইজেশনের উদ্যোগে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীদের বিনা ব্যয়ে কোচিংয়ের ব্যবস্থা করা হয়। এ বছর এই কোচিং সেন্টারে প্রায় ৫০ জন ছাত্রছাত্রী নতুন ভর্তি হলো। বাছাই পর্বের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের এই ফ্রি কোচিং সেন্টারে ভর্তি করা হয়। উপস্থিত ছিলেন এই সংস্থার সম্পাদক উৎপল কুমার দত্ত, এডুকেশন সেক্রেটারি শান্তনু চন্দ্র সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে উৎপল দত্ত বলেন, আমরা ১৫ বছর হল এইভাবে বিনা ব্যয় সমাজে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের অধিক গুরুত্ব দিয়ে এই কোচিং সেন্টারে পড়ানোর ব্যবস্থা করেছি। নতুন ৫০ জন ছাত্রছাত্রী যেমন এ বছর ভর্তি হলো তেমনই আবার আরও ১০০ জন ছাত্রছাত্রী এখানে ইতিমধ্যেই শিক্ষা গ্রহণ করে। আমরা তাদের সকলকেই বিনা ব্যয় কোচিংয়ের সুযোগ করে দিই। তিনি বলেন, এই ছাত্র-ছাত্রীদের শিক্ষণ সামগ্রী সহ যারা এখানে পড়ান তাদের ন্যূনতম খরচটুকু প্রদানের বিষয়ে সমস্ত দায়ভার সংস্থাকে নিতে হয়। এর ফলে পরিস্থিতি ক্রমশঃ কঠিন হচ্ছে। তাই এক্ষেত্রে যদি কোনো সহৃদয় ব্যক্তি ভবিষ্যতে এগিয়ে আসেন, তাহলে এইসব ছেলেমেয়েদের শিক্ষাদানের সুযোগ আরও বাড়বে। আমরা আশাবাদী এই সমাজের সহৃদয় মানুষরা ভবিষ্যতে এগিয়ে এসে এ ব্যাপারে সহযোগিতা করবেন।