স্পিড-এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন II স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পার্থেনিয়াম নিধন কর্মসূচী II রেলের উচ্ছেদের নির্দিষ্ট সময়সীমা শেষ, নবদ্বীপ স্টেশন রোডে থাকা দোকানপাট সরিয়ে নেওয়া শুরু হলো

 

1
স্পিড-এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্বেচ্ছাসেবী সংস্থা স্পিড-এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। দিশেহারা শীর্ষক এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। ৮ ডিসেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী জয়দেব মুখার্জী, স্পিড-এর পক্ষে অন্যতম তাপস মাকড় প্রমুখ। এদিন এঁদের সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সংস্থার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খোকন দাস। তিনি বলেন, সারা বছরই স্বেচ্ছাসেবী সংস্থা স্পিড – এর পক্ষ থেকে নানান সামাজিক কাজ করা হয়ে থাকে। বর্তমানে একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে এই সংস্থা। তারা একটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। যেখানে রক্ত নেওয়া এবং দেওয়ার ব্যবস্থা থাকবে। যা বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। এই সংস্থার পক্ষ থেকে আমাকে তাদের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসেবে এই সংস্থার পাশে সবসময় রয়েছি। আগামী দিনেও তাদের পাশে থেকে সহযোগিতা করে যাব।

2
স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পার্থেনিয়াম নিধন কর্মসূচী

বিগত এক বছর ধরে বর্ধমানের প্রত্যেকটি স্কুলে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে পার্থেনিয়াম নিধন কর্মসূচী চালায় স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। রাজ কলেজিয়েট স্কুলের বিস্তীর্ণ প্রাঙ্গণ জুড়ে থাকা পার্থেনিয়াম গাছে ফুল আসার আগেই তাদের নিধন করা হয়। আর ওই পরিষ্কার জায়গায় প্রাকৃতিক শোভা বর্ধনের উদ্দ্যেশ্যে ২০০ টি ফুলের গাছ লাগানো হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচীর সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে এই সোসাইটি।
সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন ,“ সর্ম্পূণ দূষণমুক্ত এক সুস্থ প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবং ছাত্রছাত্রীদের ও শিক্ষক – শিক্ষিকাদের বনসৃজনে উৎসাহিত করে স্কুলের পরিবেশকে সবুজায়ন করে তুলতেই আমাদের এই প্রয়াস। ”
স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সোসাইটির এই কর্মসূচীতে খুবই খুশি। তারা সর্বতোভাবে এই কাজে সহযোগিতা করেন।
সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সুদীপ মন্ডল, অন্তরা দাস ,দ্যুতি কোনার , প্রীতম ঘোষ প্রমুখ। তারা প্রত্যেকেই এই ধরনের মহতী উদ্যোগের পাশে সবসময়ই থেকেছেন বলে জানান।

3
রেলের উচ্ছেদের নির্দিষ্ট সময়সীমা শেষ, নবদ্বীপ স্টেশন রোডে থাকা দোকানপাট সরিয়ে নেওয়া শুরু হলো

পূর্ব রেল দপ্তরের আধিকারিক ও রেল পুলিশের উপস্থিতিতে নবদ্বীপ স্টেশন রোডে থাকা অসংখ্য দোকানপাট সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো। রেলের জায়গা দখল করে থাকা স্ট্রিট হকারেরা রেল দপ্তর সূত্রে জানতে পারে, নবদ্বীপ স্টেশন রোড এলাকায় রেলের জায়গা দখল করে থাকা একাধিক দোকানকে সরিয়ে ফেলার জন্য সম্প্রতি তিনবার লিখিত নোটিশ জারি করা হয়। সর্বশেষ নোটিশটি ছিল ৩ ডিসেম্বর। এরপরও মৌখিকভাবে আরও ৩ দিন বাড়িয়ে ৭ ই ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার মধ্যে সমস্ত দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে রেল। সেইমতো নবদ্বীপ স্টেশন রোডে মোতায়েন করা হয় বুলডোজার সহ রেল পুলিশ কর্মীদে। যদিও হকাররা নিজেরাই নিজেদের দোকানপাট সরিয়ে নেওয়ায় বুলডোজারের প্রয়োজন পড়েনি বলে জানা যায়।