সুকান্তপল্লীতে ক্ষোভের বিস্ফোরণ, রাস্তা সংস্কারের দাবিতে বিজেপির ডেপুটেশন
শহরে রাস্তা সংস্কারের জন্য সরকারি বোর্ড জ্বল জ্বল করছে রাস্তার উপর, রাস্তা সংস্কারের অনুমোদনও মিলেছে, কিন্তু বাস্তবে রাস্তার অবস্থার কোনও পরিবর্তন হয়নি। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা বর্ধমান শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার রাস্তা নিয়ে এবার তীব্র ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, রাস্তা মেরামতের আশ্বাস বহুবার দেওয়া হলেও আজ পর্যন্ত কোনও কাজ শুরু হয়নি। ফলে বর্ষার মরশুমে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার মানুষকে।
স্থানীয়দের দাবি, রাস্তা সংস্কারের জন্য সরকারি বোর্ড লাগিয়ে প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এলাকাবাসীরা ভেবেছিলেন, বহুদিনের সমস্যার অবসান হতে চলেছে। কিন্তু সময় পেরিয়ে গেলেও বাস্তবে রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ দেখা যায়নি। বরং দিন দিন রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। বড় বড় গর্ত, কাদাজল এবং ভাঙাচোরা রাস্তার কারণে নিত্যদিন যাতায়াতে সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক নাগরিক, সকলকেই চরম ভোগান্তি সহ্য করতে হচ্ছে।
এলাকাবাসীদের আরও অভিযোগ, রাস্তা মেরামতের নাম করে এলাকার কাউন্সিলর প্রত্যেক পরিবারের কাছ থেকে ৫০০ টাকা করে নিয়েছিলেন। সেই টাকা নেওয়ার পরও রাস্তার কোনও উন্নয়ন হয়নি বলে দাবি তাদের। এই ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ বাড়ছে এলাকায়। যদিও অভিযোগের বিষয়ে কাউন্সিলরের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে সোমবার বিজেপির পক্ষ থেকে বর্ধমান পৌরসভায় রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন ৩ নম্বর নগর মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি। তার অভিযোগ, সাধারণ মানুষের মৌলিক পরিষেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা ব্যর্থ হয়েছেন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়লেও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে এবং যদি রাস্তা মেরামতের জন্য কোনও আর্থিক বরাদ্দ হয়ে থাকে, তবে সেই অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে তারও পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি এলাকাবাসীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগেরও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।



