রাজ্যপালের নামে ভুয়ো ফোন, সাইবার থানায় অভিযোগ
রাজ্যপাল ও রাজভবনের আধিকারিকদের পরিচয় ভাঁড়িয়ে ফোন করার অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছে লোক ভবন (রাজভবন)। ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
রাজভবনের দাবি, ৯৮৩৬৫৪০১৬৩ নম্বর থেকে এক ব্যক্তি রাজ্যপাল ও আধিকারিকদের পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সরকারি কর্তাদের ফোন করে নির্দেশ ও বার্তা দিচ্ছেন।
রাজ্যপালের সচিব ড. সৌমিত্র মোহন সাইবার ক্রাইম সেলের উপ-পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়ে প্রকৃত ব্যবহারকারীকে চিহ্নিত করা ও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। রাজভবনের তরফে সাধারণ মানুষ ও সরকারি আধিকারিকদের সতর্ক করা হয়েছে, সত্যতা যাচাই না করে কোনও ফোন বা বার্তার ভিত্তিতে পদক্ষেপ না করতে।


