1
আজ খোকন দাসের উদ্যোগে ১২ তম বর্ষ গণবিবাহ অনুষ্ঠান
আজ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে ১২ তম বর্ষ গণবিবাহের অনুষ্ঠান আয়োজন করা হয় কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালিবাড়ি প্রাঙ্গণে। এই উপলক্ষ্যে ৫ ডিসেম্বর বর্ধমান কার্জন গেট সংলগ্ন বিধায়ক সহায়তা কেন্দ্রে আয়োজিত এক সাংবাদিক সভায় খোকন দাস বলেন, মোট ১২৫ জন ছেলে ও মেয়ের গণবিবাহের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীতলা, কল্পতরু মাঠ প্রাঙ্গণ এবং টাউন হল প্রাঙ্গণে তিন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল বিয়ের কাজ অনুষ্ঠিত হবে কাঞ্চননগরে। ৫ ডিসেম্বর দুপুর দুটোয় ১২৫ জন বরকে নিয়ে সুদৃশ্য শোভাযাত্রা টাউন হল থেকে কাঞ্চননগরের উদ্দেশ্যে যাত্রা করে। এই উপলক্ষ্যে সমস্ত রকম প্রস্তুতি পর্ব সারা হয়েছে। এবারে মোট আটটি রাজ্যের মেয়েদের বিবাহের অনুষ্ঠান হচ্ছে এখানে। অনুষ্ঠান পর্বে বিভিন্ন মন্ত্রীরা উপস্থিত থাকবেন। প্রতিবছরের মতো এ বছরও বর ও কনে উভয়কেই যথাযথ উপহার সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ।
2
রাজ্য সরকারের গৌরবময় ১৫ বছরের পথচলার কথা তুলে ধরা হবে ব্লকে
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন, সুরক্ষা ও মানবিকতার অঙ্গিকারে তৈরী হয়েছে এক নতুন বাংলা। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই গৌরবময় ১৫ বছরের পথচলার কথা ইতিমধ্যেই ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ১৫ বছরের গৌরবময় যে পথচলা তার বার্তা খণ্ডঘোষ ব্লকের প্রতিটি গ্রামের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলে উল্লেখ করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম(ফাগুন)। তিনি বলেন, দীর্ঘ এই প্রায় ১৫ বছরের পথচলা কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন। একই সঙ্গে ৯০ টির বেশি সরকারি প্রকল্পকে কার্যকর করেছেন। তিনি এই প্রকল্পের সুবিধা মানুষের প্রায় ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার কর্মসূচীর মধ্যে দিয়ে সরকারি কর্মীরাই মানুষের কাছে এসে বিভিন্ন প্রকল্পের সুবিধা তাদের দেওয়ার চেষ্টা করেছেন। এর পাশাপাশি ব্লকের বিভিন্ন এলাকায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষদের জন্য থাকা প্রকল্পের সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়েও এই কাজ সুসম্পন্ন করা গেছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এ ব্যাপারে সাধারণ মানুষকে সবরকম ভাবে সাহায্য করে চলেছি।


