রাজারহাটে ভাড়া বাড়িতে বিস্ফোরণ, পলাতক ভাড়াটিয়া শামীম; তদন্তে পুলিশ
উত্তর ২৪ পরগনার রাজারহাটের নারায়ণপুর থানার দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতের এই বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর থেকেই ভাড়াটিয়া মহম্মদ শামীম পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির একতলার একটি ঘর দু’দিন আগে শাহীনশা নামে এলাকার এক ব্রোকারের মাধ্যমে ভাড়া নেন শামীম। বাড়ির মালিক জুলফিকার জানান, রবিবার ভাড়ার চুক্তিপত্র হওয়ার কথা ছিল। তার আগেই ঘটে যায় এই বিস্ফোরণ।
অভিযোগ, শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ শামীম একটি সাদা ব্যাগ বাড়ির ছেলে সমীরের হাতে দিয়ে বলেন, ব্যাগে খাবার রয়েছে। সেটি ঘরে রেখে অপেক্ষা করতে বলেন। পরে সমীর তার বন্ধু জাহিদকে দিয়ে ব্যাগটি ঘরে রাখায়, সিসিটিভি ফুটেজেও জাহিদকে ওই ব্যাগ নিয়ে ঘরে ঢুকতে দেখা গেছে বলে দাবি স্থানীয়দের। ব্যাগটি রাখার প্রায় পাঁচ মিনিটের মধ্যেই বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘর সম্পূর্ণ তছনছ হয়ে যায় এবং পাশের ঘরেও তার প্রভাব পড়ে। আহত হন পাশের ঘরে থাকা এক ব্যক্তি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যাগের মধ্যেই বিস্ফোরক মজুত ছিল। ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি। বিস্ফোরণের পর থেকেই শামীমের খোঁজ মিলছে না।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্ফোরণের নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, কোথা থেকে বিস্ফোরক আনা হয়েছিল এবং এরসঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনে যান নিউ টাউনের ডিসি জ্যোতির্ময় রায়। তিনি জানান, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ বা এর পেছনে কোনও বৃহত্তর চক্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।


