মোহনবাগান ক্লাবের নির্বাচনী প্রচারে বর্ধমানে দেবাশিস দত্ত II আন্তর্জাতিক নার্স দিবসে নার্সদের শুভেচ্ছা জ্ঞাপন মন্ত্রীর II শ্রী শ্রী রবিশঙ্করজির জন্মদিবসে রক্তদান শিবির


1
মোহনবাগান ক্লাবের নির্বাচনী প্রচারে বর্ধমানে দেবাশিস দত্ত

মোহনবাগান ক্লাবের নতুন কমিটি গঠন করা হবে। এই উপলক্ষ্যে ভোটের প্রচারে বর্ধমানে এসেছিলেন ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত। পৌরসভার পান্থশালায় আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন বর্ধমানে ক্লাবের সদস্যবৃন্দ। পূর্ব বর্ধমান মেম্বারস ফোরাম-এর পক্ষ থেকে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। ছিলেন প্রাক্তন বিধায়ক তথা মোহনবাগান ক্লাবের দীর্ঘদিনের সদস্য উজ্জ্বল প্রামাণিক। ছিলেন অঞ্জন মুখার্জী সহ অন্যান্য সদস্যবৃন্দ। এই নির্বাচনী প্রচার সভায় মোহনবাগান ক্লাবের প্রাক্তন খেলোয়াড় মানস ভট্টাচার্য এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়ও উপস্থিত হয়েছিলেন। উল্লেখ্য, এই নির্বাচনে মোহনবাগান ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত তার প্যানেলের স্বপক্ষে ভোটের প্রচার করেন। তিনি উপস্থিত সদস্যকদের এই প্যানেলকে সমর্থনের আহ্বান জানান। উল্লেখ্য, বর্ধমান থেকে যে সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সবচেয়ে পুরনো সদস্য হলেন উজ্জ্বল প্রামাণিক। ৫০ বছর অতিক্রম করেছে তার এই সদস্যপদ গ্রহণ পর্ব। তাই তাকে ভবিষ্যতে সম্বর্ধনা জানানো হবে বলে উল্লেখ করেন দেবাশিস দত্ত। তিনি বলেন, এত বছর ধরে উজ্জ্বলবাবু সদস্য রয়েছেন এটা অবশ্যই একটা গর্বের বিষয়। আমরা ভোট পর্ব মিটে গেলে ভবিষ্যতে তাকে অবশ্যই সম্মানিত করবো।

2
আন্তর্জাতিক নার্স দিবসে নার্সদের শুভেচ্ছা জ্ঞাপন মন্ত্রীর

১২ মে ছিল আন্তর্জাতিক নার্স দিবস। এই উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত নার্সদের হাতে ফুল ও মিষ্টি তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, এবার বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে নার্স দিবস উদযাপন করা হচ্ছে। সরকারি এবং বেসরকারি যেকোনো স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা না থাকলে কোনোভাবেই একজন রোগীর চিকিৎসা পরিপূর্ণতা পায় না। তাদের আন্তরিকতা একজন রোগীকে সুস্থ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আজ এখানে উপস্থিত হওয়ার পর এখানকার নার্সরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে আজকের দিনে তাদেরও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এখানে স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। আমরা আশাবাদী, চিকিৎসা পরিষেবা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কর্মরত নার্সদের আন্তরিক সহযোগিতা আমাদের এগিয়ে চলার পথকে প্রশস্ত করবে।

3
শ্রী শ্রী রবিশঙ্করজির জন্মদিবসে রক্তদান শিবির

গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির ৬৯ তম জন্মদিবস উপলক্ষ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দি আর্ট অফ লিভিং এবং সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে দি আর্ট অফ লিভিং-এর প্রশিক্ষক দেবীপ্রসাদ গাঙ্গুলী বলেন, আমরা প্রতিবছর গুরুজির জন্মদিন ১৩ মে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এছাড়াও বছরে অন্যান্য দিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে থাকে। এবারে এই শিবির পরিচালনার ক্ষেত্রে আমাদের সঙ্গে উদ্যোগ নিয়েছে সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন, বর্ধমান সেন্টার। সর্বমঙ্গলা পাড়ায় এই সেন্টারের নিজস্ব ভবনে আয়োজিত রক্তদান শিবিরে ৫১ জন রক্তদান করার সংকল্প নিয়েছেন। মূলত, বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের এই কর্মসূচীতে বিশিষ্টদের মধ্যে অংশ নেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী, বর্ধমান রবীন্দ্র ভবনের সম্পাদক সুব্রত মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কাশীনাথ গাঙ্গুলী ও সুব্রত মন্ডল দুজনেই এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।