মন্তেশ্বরে বাস–বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই যুবকের


মন্তেশ্বরে বাস–বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই যুবকের

জেলার মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম এলাকায় রবিবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মোটরবাইকে থাকা দুই যুবক। বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত দুই যুবকের নাম মুস্তাকিম শেখ ও মমিন শেখ। তাদের বাড়ি মন্তেশ্বর থানার কানপুর গ্রামের ঢাকাপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ মেমারি–মালডাঙ্গা রোডের মধ্যমগ্রামে মা অভয়া রাইস মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি যাত্রীবাহী বাস কুসুমগ্রাম থেকে মেমারির দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে, অর্থাৎ মেমারি থেকে কুসুমগ্রামের দিকে একটি মোটরবাইক আসছিল। আচমকাই বাস ও মোটরবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মোটরবাইকে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান এবং মন্তেশ্বর থানায় খবর দেন।
খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।