ভুয়ো জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিয়ে রাজ্য জুড়ে বিশেষ যাচাই অভিযান
রাজ্য সরকার ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র চিহ্নিত করতে রাজ্যজুড়ে বিশেষ যাচাই অভিযান শুরু করেছে। নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানান, জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ ব্যবস্থাকে স্বচ্ছ ও নির্ভুল করতে জেলা থেকে ব্লক, পুরসভা এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত একযোগে তথ্য যাচাই ও শুদ্ধিকরণের এই কাজ শুরু হয়েছে। অভিযানে পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত এবং পুর প্রশাসন সমন্বিতভাবে অংশ নেবে।
মুখ্যসচিব জানান, রাজ্যের সমস্ত পুরসভা, পুরনিগম ও পঞ্চায়েতে সংরক্ষিত পুরনো জন্ম-মৃত্যুর রেজিস্টার সংগ্রহ করে দ্রুত স্ক্যান ও ডিজিটালাইজ করা হচ্ছে। কাজ শেষ হলেই সেই নথি সংশ্লিষ্ট দপ্তরে ফিরিয়ে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষের পরিষেবায় কোনও বিঘ্ন না ঘটে।
তিনি বলেন, সাম্প্রতিক পরীক্ষামূলক যাচাইয়ে উল্লেখযোগ্য সংখ্যক ভুয়ো শংসাপত্রের হদিস মিলেছে। ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জন্ম ও মৃত্যু শংসাপত্রের ভিত্তিতেই আধার, পাসপোর্ট, রেশন কার্ড-সহ একাধিক সরকারি পরিচয়পত্র তৈরি হয়। তাই এই নথির সত্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন মুখ্যসচিব।


