1
ভরসন্ধ্যায় বর্ধমান ওমেন্স কলেজের সামনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য
বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান ওমেন্স কলেজের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি গুমটি দোকান ভস্মীভূত হয়ে যায়। আকস্মিক আগুন লাগার ঘটনায় এলাকার মানুষ হতচকিত হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, এখানে ট্রান্সফরমারের পাশেই একটি দোকান থেকে পেট্রোল বিক্রি হতো। সেই পেট্রোল থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পৌঁছে যায় দমকল। তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাচক্রে দমকলের গাড়ি এখানে ঢোকার সময় দাঁড়িয়ে থাকা বিদ্যুৎ দপ্তরের কয়েকজন কর্মী আহত হন। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলে। তাদের দেখতে যান বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। তিনি বলেন আহত তিনজন প্রত্যেকেই সুস্থ আছেন। ঘটনাচক্রে তারা দমকলের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। তিনি বলেন, আগুন লাগার ঘটনায় নানা কার্যকারণ শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন ওখানে পেট্রোল ডিজেল বিক্রি হতো। সেখান থেকেই আগুন লেগেছে। তবে যে সমস্ত দোকানগুলি ওখানে ভশ্মীভূত হয়েছে সেই সব গুমটি দোকান আর ওখানে বসতে দেওয়া হবে না। এদিকে এখানে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অত্যন্ত দ্রুততার সাথে কাজ করে এলাকায় ঘন্টাখানেকের মধ্যেই বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেন। তাদের এই কাজে খুশি এলাকাবাসী। তবে স্থানীয় মানুষের প্রশাসনের কাছে আবেদন, তারা যেন এই সমস্ত গুমটির ব্যবসার বিষয়ে নজর রাখেন, খোঁজখবর নেন।
2
রাজা রামমোহন রায়ের ২৬৩ তম জন্মদিবস পালন
বাংলা নবজাগরণের রূপকার রাজা রামমোহন রায়ের ২৬৩ তম জন্মদিবস মর্যাদা সহকারে পালন করা হলো। বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষে সাহিত্যিক ও নবজাগরণের প্রতীক রাজা রামমোহন রায়ের ২৬৩ তম জন্ম দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বিশিষ্টজনেরা। এদিন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সদস্যবৃন্দ। রাজা রামমোহন রায়ের স্মৃতিচারণা করেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতাই মুখার্জী। অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচার্য, প্রণব মুখার্জী, আনোয়ার আলী, স্বরূপ মুখার্জী, লক্ষণ দাস ঠাকুরা, মানব সরকার, অরুণ মজুমদার, মেহেবুব হাসান, ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজিত চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে সঙ্গীতে অংশ নেন রুবি আজিম, মিলি সান্যাল, করবী ঘোষ, স্মৃতি কণা রায়, সৌমিলি বসু প্রমুখ। কবিতা পাঠে অংশ নেন কবি তাপস ভূষণ সেনগুপ্ত, কাজল সাহা, চৈত্র প্রামাণিক, সন্দীপন গুপ্ত, রথীন পার্থ মন্ডল প্রমুখ। কাশীনাথ গাঙ্গুলী বলেন, আমরা বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মণীষীদের জন্মদিবস অত্যন্ত শ্রদ্ধা সহকারে পালন করে থাকি। আগামী দিনে রাজা রামমোহন রায়ের মতোই অন্যান্য মণীষীদেরও আমরা স্মরণ করবো।
3
ইমদাদ আলীর মৃত্যুতে শোকজ্ঞাপন প্রদীপ ভট্টাচার্যর
প্রয়াত কংগ্রেস নেতা ইমদাদ আলীর (বাবু) প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এ প্রসঙ্গে প্রদীপবাবু উল্লেখ করেন, গত শতকের সত্তরের দশকে ইমদাদ আলীর বাড়িতে আমি এবং নুরুল ইসলাম থাকতাম। তখন ইমদাদ আলী ও তার স্ত্রীর সহযোগিতা আমাদের লড়াইয়ের উপাদান হিসেবে চিরকালের জন্য স্মরণযোগ্য। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। তার মতো মানুষরা অমর হয়ে থাকবেন চিরকাল।


