বুলডোজারে ভাঙা হচ্ছে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তেজনা এলাকায়
দক্ষিণ ২৪ পরগনার আমতলার ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘিরে শনিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে প্রশাসনের উদ্যোগে বুলডোজার দিয়ে কার্যালয়টি ভাঙার কাজ শুরু হয়েছে।
ঘটনাস্থলে তিনটি বুলডোজার নামানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং দমকলের একাধিক ইঞ্জিন। এলাকায় জড়ো হয়েছেন বহু সাধারণ মানুষ।
কার্যালয় ভাঙার কাজ শুরু হতেই ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। যার জেরে এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। যদিও নিরাপত্তা বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট কার্যালয়টি বেআইনিভাবে নির্মিত হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই উচ্ছেদ ও ভাঙার অভিযান চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা আমতলা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।


