1
বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মশালা
শহরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হচ্ছে। এই কর্মশালার আয়োজনের মধ্যে দিয়ে দলীয় সংগঠনকে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও শক্তিশালী করে তোলাই লক্ষ্য বলে জানালেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। তিনি বলেন, বর্ধমান শহরে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। যার মূল লক্ষ্য হলো প্রতিটি ওয়ার্ডেই কর্মীদের একত্রিত করে আগামী বিধানসভা নির্বাচনে কিভাবে জনসংযোগ বৃদ্ধি করতে হবে সে বিষয়ে তাদের অবহিত করা। একইসঙ্গে সাম্প্রদায়িক শক্তির যে অপপ্রচার তার বিরুদ্ধে কিভাবে জনমত গড়ে তুলতে হবে সেই বার্তাও দেওয়া হচ্ছে তাদের। তন্ময় বলেন, এর পাশাপাশি রাজ্যে এতদিন যে উন্নয়ন প্রকল্প কার্যকর হয়েছে সে বিষয়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানোটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটা যাতে প্রতিটি ওয়ার্ডে দলের নেতৃত্ব ও কর্মীরা করেন সেই বার্তাও তাদের দেওয়া হচ্ছে বলে জানান তন্ময়।
এই সমস্ত কর্মশালাতে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত থাকছেন বলে জানা গেছে।
2
কাশ্মীরের ঘটনায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মোমবাতি মিছিল
কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় নিহত ২৮ জন শহীদের স্মরণে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মোমবাতি মিছিলে অংশ নেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, বিধায়ক অলোক মাঝি, শম্পা ধারা, নিশীথ মালিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। ছিলেন বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিরূপ যশ সহ বিভিন্ন ব্লকের যুব সভাপতি এবং অন্যান্য সদস্য ও নেতৃত্ববৃন্দ। মিছিলটি বীরহাটা থেকে শুরু হয়ে কার্জন গেটে শেষ হয়। এখানে একটি প্রতিবাদ সভায় কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। প্রতিবাদ সভা থেকে বলা হয়, জঙ্গিদের কোনো জাত হয় না। তারা সন্ত্রাসবাদী এটাই তাদের পরিচয়। মানবতার স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


