বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান II জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ

1
বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নম্বর ব্লকের অধীন সড্যা উচ্চ বিদ্যালয়ে ৮৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক অরুণ কুমার মন্ডল, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোনার, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার ও কুড়মুন ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। (পজ্)

এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীর্ষেন্দু দত্ত জানান, এই উপলক্ষ্যে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়ে খাদ্য মেলাও অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত যথাক্রমে শুভম যশ ও অঙ্কুর সিদ্ধান্ত এবং রুপম কোনার ও চন্দ্রিমা সামন্তকে পুরস্কৃত করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের একটি দেওয়াল পত্রিকারও উদ্বোধন হয়। উদ্বোধন করেন সহকারী বিদ্যালয় পরিদর্শক অরুণ কুমার মন্ডল। (পজ্)

প্রধান শিক্ষক শীর্ষেন্দু দত্ত আরও বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত খাদ্য মেলায় এখানে পাঠরত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। তাদের হাতে তৈরী খাবার ছিল সত্যিই সুস্বাদু। এই খাদ্য মেলায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত হয়েছিলেন। সকলের উপস্থিতি এদিনের খাদ্য মেলাটিকে প্রাণবন্ত করে তোলে। খাদ্য মেলাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

2
জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ।

পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অধীন জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। ইতিপূর্বে এই গ্রাম পঞ্চায়েতের জোতকেষ্টাই গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার সেই কাজ করা হলো স্থানীয় রাধাবল্লববাটি গ্রামে। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু পাল। তিনি বলেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি গ্রামীণ এলাকায় মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তার সেই উদ্যোগকে সার্থক রূপ দেবার জন্য সবরকম প্রচেষ্টা নিয়েছি। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যেই জোতকেষ্টাই গ্রামে পানীয় জল প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এবার সেই কাজ সম্পন্ন করা হলো স্থানীয় রাধাবল্লববাটি গ্রামে। মিঠু পাল বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি গ্রামের মানুষ যেন পানীয় জল পরিষেবা সঠিকভাবে পান। সেই লক্ষ্য নিয়েই বিভিন্ন গ্রামে জলের পাইপলাইন বসানো, রিজার্ভার তৈরী, আলাদা করে বিদ্যুৎ সংযোগ ইত্যাদির কাজ সম্পন্ন করা হচ্ছে। (পজ্)

এই কাজের সঙ্গে সম্পৃক্ত জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের ওয়াটার ফেসিলেটর সামন্ত ক্ষেত্রপাল বলেন, জল জীবন মিশনের অধীনে এই পানীয় জল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করা হচ্ছে। আমরা প্রতি মাসে এই পানীয় জল পরীক্ষা করে তার গুণগতমান সঠিক রয়েছে কিনা তার রিপোর্ট দিই। যার মূল লক্ষ্য হলো গ্রামবাসীদের কাছে বিশুদ্ধ পানীয় জল প্রতিদিন পৌঁছে দেওয়া। আর সেই লক্ষ্য নিয়েই এই গ্রাম পঞ্চায়েতের অধীন গ্রামগুলিতে পানীয় জল পরিষেবার কাজ সঠিকভাবে যাতে হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।