বিডিএসএ – র উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান | ধান্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির


1
বিডিএসএ – র উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার নিজস্ব ভবন প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রাণী এ, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বিডিএসএ-র সম্পাদক পীরদাস মন্ডল, সংস্থার সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, ডাক্তার এস কে দাস, বনবিহারী যশ, উত্তম সেনগুপ্ত, গৌরী শংকর ভট্টাচার্য, সুশান্ত প্রামাণিক সনৎ বক্সী প্রমুখ। এই সভায় জেলাশাসক আয়েশা রাণী এ বলেন, পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া ক্ষেত্রে যথেষ্ট উন্নত। এখানকার ছেলেমেয়েরা রাজ্যস্তরে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। তাদের জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজেদের উন্নীত করার প্রচেষ্টা নিতে হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারেও তাদের নিজেদের তৈরী করতে হবে। এ ব্যাপারে বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তাদের পাশে সবসময় রয়েছে। এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মূলত ক্রীড়াক্ষেত্রে সফলদের অনুপ্রাণিত করার জন্য। বিধায়ক খোকন দাস সফল ক্রীড়াবিদদের ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, এবারে মোট ১৬ লক্ষ টাকা অর্থ মূল্যের পুরস্কার প্রদান করা হচ্ছে জেলার বিভিন্ন ক্ষেত্রে সফল ক্রীড়াবিদদের।

2
ধান্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির

ধান্য ব্যবসায়ী সমিতি বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমানের ডিভিসি মোড়ে একটি বিয়ে বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে সংগঠনের সদস্যরা সহ সহযোগী সংস্থা বর্ধমান সহযোদ্ধার রক্তদাতারা রক্তদান করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, দুই বিধায়ক নিশীথ মালিক ও অলোক মাঝি, বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি বনানী রায়, ধান্য ব্যবসায়ী সমিতির রাজ্য কনভেনার তথা জেলা সম্পাদক বিশ্বজিৎ মল্লিক প্রমুখ। বিশ্বজিৎ মল্লিক বলেন, আমরা প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এবছর আমাদের রক্তদানের লক্ষ্যমাত্রা ছিল ১০০ ইউনিট। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়জনিত কারণে হয়তো লক্ষ্যমাত্রা পূর্ন নাও হতে পারে। তবে আমরা চেষ্টা করছি আমাদের লক্ষ্যমাত্রা পূরণের। এই শিবির থেকে রক্ত সংগ্রহ করছে বর্ধমান রশ্মী ব্লাড ব্যাংক। মূলত রক্তের সংকট মোচনেই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন।