বিড়ি ও তাঁত শ্রমিকদের পাশে রয়েছে আইএনটিটিইউসি, জানালেন সন্দীপ
পূর্ব বর্ধমান জেলায় সব শ্রমজীবী অংশের মানুষদের পাশে থেকে তাদের দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে কাজ করে চলেছে আইএনটিটিইউসি। এই কাজ ধারাবাহিকভাবে চলবে বলে দাবি করলেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র সভাপতি সন্দীপ বসু। তিনি বলেন, ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে তা বাড়ানো সম্ভব হয়েছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার একটা বড় অংশে তাঁত শ্রমিকরা রয়েছেন। তাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প কার্যকর রয়েছে। তা যাতে তারা পান তারজন্যই আইএনটিটিইউসির পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হয়। এছাড়া তাঁত শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়েও আমরা গুরুত্ব দিয়েছি। তিনি বলেন, আমাদের সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শ্রমজীবী মানুষদের স্বার্থে যা যা করণীয় তা করার কথা বলেছেন। আমরা সেই মতো কাজ করে চলেছি। সন্দীপের কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএনটিটিইউসি-র নেতৃত্ব ও কর্মীদের সবসময় শ্রমজীবী মানুষদের পাশে থেকে লড়াই আন্দোলন করার কথা বলেছেন। তাদের দাবি-দাওয়া আদায়ের বিষয়ে সহযোগিতা করার কথা বলেছেন। আমরা তাঁদের সেই বার্তাকে আদেশ হিসেবে মেনে নিয়ে পূর্ব বর্ধমান জেলায় শ্রমজীবী মানুষদের পাশে থেকে সবরকম ভাবে কাজ করে চলেছি। প্রাথমিক পর্যায়ে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁত শ্রমিকদের পাশে থেকেও আমরা তাদের স্বার্থে কাজ করে চলেছি। অন্যান্য শ্রমজীবী অংশের মানুষরাও যাতে তাদের ন্যায্য দাবি আদায় করতে পারেন তারজন্য আইএনটিটিইউসি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।


