1
অশোকগড়ে নববিবাহিত মহিলার মৃতদেহ উদ্ধার
বরাহনগরের অশোকগড়ে নববিবাহিত এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই মহিলার উপর অত্যাচার চলছিল। মৃতদেহ আটকে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও লাঠিচার্জের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে সংবাদমাধ্যমের কর্মীরাও আক্রান্ত হন বলে অভিযোগ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত ও ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে।
2
হাওড়ার ডোমজুড়ের সাপুঁইপাড়ায় জমা জল, রাস্তা ও পথবাতির সমস্যা নিয়ে বিক্ষোভ
হাওড়ার ডোমজুড়ের সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের ২৭০ নম্বর বুথে দীর্ঘদিনের জল জমা, বেহাল রাস্তা ও পথবাতির সমস্যা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। জমা জলের কারণে রাস্তা পিছল হয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। দীর্ঘ ১৫ বছর উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্যা দীপিকা পান্ডে ও তাঁর স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। দ্রুত জল নিষ্কাশন, রাস্তা সংস্কার ও পথবাতি ঠিক করার দাবি জানান তাঁরা। বুথে ১০ লক্ষ টাকা আসার কথা সদস্যা ও তাঁর স্বামী স্বীকার করলেও, সেই অর্থে কাজ কোথায় হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।
3
পুরুলিয়ায় গেইলের পাইপলাইনে আগুন, আতঙ্কে বাসিন্দারা
পুরুলিয়া শহরের জি এল চার্চ ময়দান সংলগ্ন কলোনিতে গেইলের পাইপলাইনে আগুন লেগে বাড়ির আসবাবপত্র ও কুচিনা চিমনি পুড়ে যায়। ভিজে কম্বল দিয়ে আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ঘটে। সম্প্রতি এমন আরও দুই-তিনটি ঘটনার অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, সংযোগ ব্যবহারের আগে সংস্থার পক্ষ থেকে নিরাপত্তা ও প্রশিক্ষণ দেওয়া জরুরি।
4
ট্রান্সফরমার বিভ্রাটের প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটক, বিক্ষোভ স্থানীয়দের
ঘন ঘন ট্রান্সফরমার বিকল হওয়ায় মানবাজার-১ ব্লকের জিতুজুরি অঞ্চলের পাথরকাটা রাইডি গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, মাসে ২-৩ বার ২৫ কেভির ট্রান্সফরমার বিকল হয়ে চরম বিদ্যুৎ সংকট তৈরি হচ্ছে। তাঁদের দাবি, ২৫ কেভির বদলে দ্রুত ৬৩ কেভির ট্রান্সফরমার বসাতে হবে।
বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানান, সিদ্ধান্ত তাঁদের এক্তিয়ারভুক্ত নয়, স্টেশন ম্যানেজার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি সামাল দিতে মানবাজার থানার পুলিশ পৌঁছয়। পরে বিদ্যুৎ দপ্তর দ্রুত ৬৩ কেভির ট্রান্সফরমার বসানোর প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ ওঠে।
5
টানা ৩ দিন স্বাস্থ্যমন্ত্রীর বর্ধমান জেলা সফর, ম্যারাথন বৈঠক মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য আধিকারিকদের
জেলার স্বাস্থ্য পরিকাঠামো, পরিষেবার মান ও ঘাটতি চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে রবিবার বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, কর্মী নিয়োগ, রোগী পরিষেবা, বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা ও অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় স্বাস্থ্য আধিকারিকদের মতামত ও পরামর্শ নেন। তিনি জানান, গত চারদিনে পূর্ব বর্ধমানের বিভিন্ন স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল পরিদর্শন করেছেন। শুধু পরিদর্শন নয়, চিহ্নিত সমস্যা ও ঘাটতির বাস্তবসম্মত সমাধান এবং স্বাস্থ্য পরিষেবায় নতুন ভাবনা যুক্ত করাই লক্ষ্য। আগামী দিনে অন্যান্য জেলাতেও সফরের পরিকল্পনা রয়েছে।
বৈঠকে ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, বিধায়ক শিশির রায়, জেলাশাসক শ্বেতা আগরওয়াল, পুলিশ সুপার মিস পুষ্পা, মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল সব্যসাচী দাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম-সহ স্বাস্থ্য ও প্রশাসনিক আধিকারিকরা। তবে অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়।


