বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হলেন খোকন দাস


বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হলেন খোকন দাস

১৭ মার্চ কলকাতায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলার ১৬ টি বিধানসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হলেন খোকন দাস। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার পর খোকন দাসকে নিয়ে বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। খোকন দাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাকে দ্বিতীয়বার প্রার্থী করার জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য হবে, বিধানসভা নির্বাচনে জয়লাভ করার মধ্যে দিয়ে রাজ্যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সরকার গঠন করতে পারেন সে বিষয়ে সহযোগিতা করা। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার ১৬ টি বিধানসভা আসনের মধ্যে এবার ছটি বিধানসভা আসনে প্রার্থী বদল করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থীরা হলেন রায়নায় মন্দিরা দলুই, জামালপুরে ভূতনাথ মালিক, মেমারিতে রাসবিহারী হালদার, পূর্বস্থলী উত্তরে বসুন্ধরা গোস্বামী, আউশগ্রামে শ্যামাপ্রসন্ন লোহার, ভাতারে শান্তনু কোনার। এছাড়া পুরনো প্রার্থীদের মধ্যে অলোক মাঝিকে জামালপুরের বদলে গলসীতে দাঁড় করানো হয়েছে। ২০১৬ সালে গলসী বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। এবারে দ্বিতীয় বারের জন্য তিনি গলসী বিধানসভা কেন্দ্রে প্রার্থী হলেন। ২০২১ সালে জয়লাভ করেছিলেন জামালপুর বিধানসভা কেন্দ্র থেকে।