ন্যায্য মূল্যে সব্জি বিক্রয়ের ব্যবস্থা করতে প্রশাসনের কাছে আবেদন

 

 

কয়েকমাস ধরে আলু, পিঁয়াজ, রসুন সহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় সব্জির আকাশছোঁয়া দাম হয়ে চলেছে। প্রয়োজনীয় নজরদারী ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকে পদক্ষেপের আর্জি জানিয়ে ইমেল করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জেলাশাসক , পুলিশ সুপার , সভাধিপতি সহ মহকুমাশাসকদের ইমেলে আবেদন জানানো হয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। কালোবাজারি করে চাষীদের থেকে অনেকবেশী মুনাফা লুটছে ফড়েরা বলে দাবী তাদের। সংস্থার তরফে সন্দীপন সরকার জানান, দীর্ঘ সময় ধরে অত্যধিক দামের ফলে অনেকেই পুষ্টিকর সব্জি না কিনতে পারায় জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হতে পারে। বিশেষত বাচ্ছা, বয়স্ক ও গর্ভবতীরা অপুষ্টির শিকার হতে পারেন। ন্যায্য মূল্যের দোকানের সংখ্যা বাড়ানো এবং চাষী ও ব্যবসায়িকদের মধ্যে বিল প্রদানের ব্যবস্থা শুরুর দাবীও জানানো হয়েছে। যাতে ক্রয় – বিক্রয়ের মধ্যে লাভের পরিমাণ নজরে আসে প্রশাসনের। একই সঙ্গে টাস্ক ফোর্সের পাশাপাশি প্রতিটি পঞ্চায়েত স্তরে পর্যবেক্ষণ কমিটি তৈরী এবং প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টের কারণে সব্জির বীমা করাতে চাষীদের উৎসাহ বাড়াতেও আবেদন করা হয়েছে বলে সংস্থা সূত্রে জানা গেছে।