1
দশটি বিভাগে ১০ টি কলেজকে বাগদেবী সম্মান প্রদান
শিক্ষার প্রসার ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত “জেলাস্তরীয় বাগদেবী সম্মান ২০২৫” কর্মসূচিতে দশটি বিভাগে দশটি কলেজকে পুরস্কৃত করা হলো।
বর্ধমানে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শহর থেকে গ্রাম সর্বত্র পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছেন, যা উচ্চ শিক্ষার প্রসারে সহায়ক হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। তিনি ছাত্র-ছাত্রীদের জন্য তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগের প্রশংসা করেন। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ জানান, “সবার শিক্ষা, সবার সরস্বতী” বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে জেলার ২৮টি কলেজ অংশ নেয়, যার মধ্যে ১০টি বিভাগে সেরা ১০টি কলেজকে পুরস্কৃত করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বার্তা দেওয়া হয়েছে, যা ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানান আয়োজকরা।
2
গ্রামীণ চিকিৎসক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা
জামালপুরে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন পিআরএমপিডাব্লিউএ-র শাখার উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয় কালনার সারদা লজে। সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল আপৎকালীন অবস্থায় রোগীদের যত্ন নেওয়া।
প্রথম পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি ও তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, সংগঠনের রাজ্য সভাপতি হান্নান হালদার, আহ্বায়ক জয়ন্ত চক্রবর্তী, ব্লক সম্পাদক শেখ সফিকুল ইসলাম ও অন্যান্যরা। অতিথিদের উত্তরীয়, ফুলের তোড়া ও মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়।
দ্বিতীয় পর্বে কার্ডিও সার্জারি নিয়ে আলোচনা করেন টেরিজা নার্সিংহোমের চিকিৎসক ডাঃ আর এন তলাপাত্র। লেজার সার্জারি নিয়ে বলেন বর্ধমান মেডিক্যাল কলেজের ডাঃ অরিন্দম ঘোষ, এবং Infertility Treatment নিয়ে আলোচনা করেন ডাঃ নবারুণ দাস।
মেহেমুদ খান বলেন, গ্রামীণ চিকিৎসকরা সারা বছর সাধারণ মানুষের পাশে থাকেন এবং তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের রাজ্য আহ্বায়ক জয়ন্ত চক্রবর্তী বলেন, তাঁরা তৃণমূলের সংগঠন হিসেবে কাজ করছেন কারণ মুখ্যমন্ত্রী তাঁদের স্বীকৃতি ও জীবিকা নিশ্চিত করেছেন। সহ-সভাপতি ভূতনাথ মালিক বলেন, কোভিড সময়ে তাঁদের ভূমিকা ছিল অনস্বীকার্য।
সেমিনারে সকলেই গ্রামীণ চিকিৎসকদের অবদানকে সাধুবাদ জানান ও তাঁদের মানবকল্যাণমূলক কাজের প্রশংসা করেন।


