1
ডিজিটাল মিডিয়ার বার্ষিক সাধারণ সভা
পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে প্রতিবছরের মতো এ বছরেও সাধারণ সভার আয়োজন করা হয়। এই সাধারণ সভা এবার পঞ্চম বছর অতিক্রম করলো। পাশাপাশি এ বছর প্রথম সাধারণ সভার সঙ্গে একটি পিকনিকেরও আয়োজন করা হয়। খণ্ডঘোষ ঈশানী রিসোর্টে খুব সুন্দর পরিবেশে সমস্ত পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্যরা এবং তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এই সাধারণ সভায় আগামী দিন সংগঠন কিভাবে চলবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নতুন কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়। এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রায় পঞ্চাশ জন সদস্য এবং সদস্যা। মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য শান্তনু পাঁজা, অসিত রাউত, সভাপতি আমজাদ আলী শেখ, সহ-সভাপতি নীলাদ্রি সরকার, সম্পাদক পিন্টু প্যাটেল, সহ-সম্পাদক সঞ্জিত কুড়ি, কোষাধ্যক্ষ ঝিলিক মুখার্জী সহ এক্সিকিউটিভ কমিটির নতুন সদস্যরা।
2
ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য আটটি পদক জয়
ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের নির্দেশনায় এবং অল ইন্ডিয়া সেইশিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় “২৩তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ ২০২৫” ঝাড়খণ্ডের রাঁচির খেলগাঁওয়ের তানা ভগত ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো। গত ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৭টি রাজ্য থেকে প্রায় ১৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
পূর্ব বর্ধমান সেইশিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের মোট ৬ জন ক্যারাটেকা পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করে। ৩ টি সোনা, ৩ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ পদক মিলিয়ে মোট আটটি পদক তারা জয়লাভ করে। জেলা সংস্থা থেকে রেনসি দেবাশিষ কুমার মন্ডল বিচারক হিসেবে এবং সেনসেই অয়ন কুণ্ডু কোচ হিসেবে যোগদান করেছিল। জাতীয় স্তরের প্রতিযোগিতায় জেলার খেলোয়াড়দের পদক জয়ের খবরে সকলে খুব আনন্দিত ও গর্বিত।
3
ভদ্রেশ্বর গোল্ডকাপ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সাংবাদিক সভা
ভদ্রেশ্বর গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে। এই উপলক্ষ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। সভায় আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন পার্থ নন্দী, পলাশ নন্দী, ছিলেন বিশিষ্ট ফুটবল তারকা রহিম নবী প্রমুখ। এই সভায় পার্থ নন্দী বলেন, বর্ধমানে উন্নতমানের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় এই রাজ্যের পাশাপাশি অন্য রাজ্য থেকেও ফুটবল টিম অংশগ্রহণ করবে। রহিম নবী বলেন, এখানে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বলা যায় জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখানে কলকাতার মোহনবাগান, মহামেডান, কালীঘাট মতো ভালো টিম অংশগ্রহণ করছে। এছাড়াও উড়িষ্যা এবং গোয়া থেকে ফুটবল দল এখানে খেলতে আসছে। আমাদের লক্ষ্য হলো, শুধুমাত্র ভালো ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা নয়, বড় ক্লাবগুলিকে ডেকে আনা নয়, এর পাশাপাশি ফুটবল মাঠের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোও প্রয়োজন। আর সেই উদ্দেশ্য নিয়েই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলে উল্লেখ করেন রহিম নবী। তিনি বলেন, ফুটবলের প্রতি আমাদের প্রত্যেকের আগ্রহ থাকা উচিত। প্রত্যেক অভিভাবকের উচিত ছেলেমেয়েদের মোবাইলে আসক্তি না বাড়িয়ে, খেলার মাঠে পাঠানো। ফুটবল খেললে তারা সব দিক দিয়ে বিকশিত হতে পারবে। ফুটবল খেলার মধ্যে যে স্পিরিট রয়েছে তার মাধ্যমে জীবনের সফল হওয়ার পথ তৈরী হয়। বেঁচে থাকার প্রেরণা পাওয়া যায়।


