টাউন স্কুল শতবর্ষ সরণীর আনুষ্ঠানিক উদ্বোধন

 

 

বর্ধমানের অন্যতম প্রাচীন স্কুল হল টাউন স্কুল। এই স্কুলের শতবর্ষ পালন হচ্ছে এবছর। আর সেই উপলক্ষ্যে বর্ধমান টাউন স্কুল শতবর্ষ সরণীর আনুষ্ঠানিক উদ্বোধন হলো ২০ নভেম্বর। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল চক্রবর্তী, স্কুল পরিচালন কমিটির সভাপতি উত্তম সেনগুপ্ত, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন প্রাক্তনীর সম্পাদক বিশ্বজিৎ মল্লিক সহ বর্তমান ও প্রাক্তন ছাত্ররা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এই অনুষ্ঠানে বিশ্বজিৎ মল্লিক বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা প্রথম বলা যায় যে, কোন বিদ্যালয়ের শতবর্ষে সেই বিদ্যালয়ের নামে কোনো রাস্তার নামকরণ হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পরিচালন সমিতির সভাপতি উত্তম সেনগুপ্ত, প্রাক্তনীর সকল সদস্যবৃন্দ, সর্বোপরি বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই। তাঁদের সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এই বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি বিদ্যালয় যে সুইমিংপুল ছিল একসময়, সেটিকে আবার নতুন করে চালু করার বিষয়টিকে নিয়েও ভাবনাচিন্তা চলছে। এর মধ্যে দিয়েই আমরা এই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের কাজকে এগিয়ে নিয়ে চলেছি। (পজ্)

পরেশচন্দ্র সরকার বলেন, বর্ধমান টাউন স্কুল এই শহরের গর্ব। শতবর্ষ প্রাচীন এই স্কুলের সঙ্গে অনেক ইতিহাস জড়িত রয়েছে। এই বিদ্যালয়ের নামে এখানে একটি সরণীর নামকরণ করা হলো। এটা রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত বলা চলে। আমরা সকলেই অত্যন্ত গর্বিত এই কাজটি করতে পেরে।