জেলায় মাটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা II নদীয়ার নৃসিংহপুর ফেরিঘাটে তলিয়ে গেল লরি

 

1
জেলায় মাটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা

কৃষি প্রধান পূর্ব বর্ধমান জেলায় জমির মাটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্ব মৃত্তিকা দিবসকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার কালনা ২ ব্লকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত কৃষি বিশেষজ্ঞরা মাটির স্বাস্থ্য কি কারণে খারাপ হতে পারে এবং সেখান থেকে প্রতিকারের উপায় কি সে বিষয়ে আলোকপাত করেন। এখানেই কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের মাটির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও দেওয়া হয়। এ প্রসঙ্গে কালনা ২ ব্লকের কৃষি আধিকারিক সুব্রত ঘোষ বলেন, মূলত আমরা বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে কৃষকদের সচেতন করতে চেয়েছি। সেই লক্ষ্য নিয়েই এই আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল।

2
নদীয়ার নৃসিংহপুর ফেরিঘাটে তলিয়ে গেল লরি

ভাগীরথীতে পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের ঠিক উল্টোদিকে নদীয়ার নৃসিংহপুর। এখানেই শান্তিপুর-কালনাঘাট ফেরিঘাটে ভেসেল পারাপার করার সময় জলে পড়ে গেল ইঁট বোঝাই একটি লরি। লরির ধাক্কায় জলের তলায় তলিয়ে গেলেন এক ছানা ব্যবসায়ীও। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ওই ছানা ব্যাবসায়ীর জলে তলিয়ে যাওয়ার খবর পেতেই ওই পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর উত্তেজিত জনতা কালনা ঘাট ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তেজিত জনতাকে বোঝানো হয়। যাত্রীবাহী সমস্ত পরিষেবা সাময়িক বন্ধ থাকে।