জেলা তৃণমূল পার্টি অফিসে নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন II ভোটার তালিকা পর্যবেক্ষণে ২১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি যাচ্ছেন কাউন্সিলর


1
জেলা তৃণমূল পার্টি অফিসে নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন

জেলার তৃণমূল পার্টি অফিসে প্রয়াত কংগ্রেস নেতা নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম, আইনজীবী আজিজুল হক সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিন উপস্থিত প্রত্যেকেই নুরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন সংগ্রামী নেতা। তার নেতৃত্বে সত্তরের দশকে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী হয়েছিল। পরবর্তী পর্যায়ে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসে তখন নুরুল ইসলাম বিরোধীদলের নেতা হিসেবে তার দায়িত্ব অত্যন্ত সাহসের সঙ্গে পালন করেছেন। তার মত নেতাকে আদর্শ হিসেবে সামনে রেখে আমরা সকলে কংগ্রেসের রাজনীতি শুরু করি। নুরুল ইসলাম ছিলেন কৃষক এবং শ্রমিক উভয়ের কাছেই সমানভাবে জনপ্রিয়। তিনি ছাত্র-যুবদেরও এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছিলেন। তার হাত ধরে বহু তরুণ নেতৃত্ব একটা সময় এই জেলায় তৈরী হয়েছে। আমরা তার ১৭ তম প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম।

2
ভোটার তালিকা পর্যবেক্ষণে ২১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি যাচ্ছেন কাউন্সিলর

বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে। ভোটারদের নাম সেখানে সঠিকভাবে রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ চলছে। একই এপিক নম্বরে ভিন রাজ্যের কোনো ভোটারের নাম সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে পর্যবেক্ষণের করা হচ্ছে। এ প্রসঙ্গে এই ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত দলীয় সভায় এ বিষয়ে যা নির্দেশ দিয়েছেন, আমরা সেই মতো কাজ শুরু করেছি। বিজেপি যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত ইতোমধ্যেই ধরে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই তারা এই ধরনের অপকর্ম করে খুব একটা সুবিধা করতে পারবে না। শ্যামাপ্রসাদ বলেন, ২১ নম্বর ওয়ার্ডে অনেক অবাঙালি ভোটার রয়েছেন। তাদের মধ্যে যারা এখানকার স্থায়ী বাসিন্দা ও দীর্ঘদিনের ভোটার তারা অবশ্যই এখানে ভোট দিতে পারবেন। কিন্তু যদি কোনো ভিন রাজ্যের ভোটারের নাম এখানে ঢোকানো হয়ে থাকে, তাহলে সেই নাম যাতে বাদ যায় তারজন্য প্রশাসনিক স্তরে যা করণীয় সেটা করা হবে। শ্যামাপ্রসাদের কথায়, মিথ্যে ছলনার আশ্রয় নিয়ে, মানুষের সঙ্গে প্রতারণা করে, ধাপ্পাবাজি করে বিজেপি অন্য রাজ্যে ভোটে জিততে পারে। কিন্তু সেটা পশ্চিমবঙ্গে সম্ভব হবে না।