1
জামালপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলাশাসক ও পুলিশ সুপার
একটানা বৃষ্টির কারণে প্রাক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জামালপুরে যান পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ ও পুলিশ সুপার সায়ক দাস। তাদের সঙ্গে ছিলেন এস ডি ও বুদ্ধদেব পান, এস ডি পি ও অভিষেক মন্ডল ,বিধায়ক অলোক কুমার মাঝি, সি আই বিশ্বজিৎ মন্ডল , পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, এস ডি ও ইরিগেশন নিলাদ্রী দে, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ওসি কৃপাসিন্ধু ঘোষ, জাড়গ্রাম প্রধান নূরজাহান বিবি সাহানা, জোতশ্রীরাম প্রধান আরিফা মন্ডল সহ অন্যান্যরা।
তারা জারোগ্রাম ও জোতশ্রীরাম অঞ্চলের পাইকপারা, অমরপুর ঘাট,সাজামানতলা প্রভৃতি জায়গা দামোদর নদীর তীরবর্তী অঞ্চলগুলো ঘুরে দেখেন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ডিভিসি হঠাৎ করেই জল ছাড়লে যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায় তাই আগাম সতর্ক থাকার জন্য জেলাশাসক নিজেই খতিয়ে দেখতেই এসেছেন। এরই পাশাপাশি তিনি স্থানীয় সাজামানতলা প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন। সেখানে স্কুলের বাচ্চাদের হাতে চকলেট তুলে দেন। স্থানীয়দের পক্ষ থেকে জেলাশাসকের কাছে পাইকপাড়ায় একটি ফ্লাড শেল্টার, সাজামানতলা ও পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ সি আর এর আবেদন করা হয়। তিনি বিষয়টা দেখবেন বলে জানান। জেলাশাসকের এই সফর প্রসঙ্গে তাদের মতামত জানান স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি ও স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহমুদ খান।
2
কিশলয় – এর পথশিশুদের হাতে খাদ্য ও শিখন সামগ্রী তুলে দেওয়া হল
বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা কিশলয়-এর পথশিশুদের হাতে খাদ্য ও শিখন সামগ্রী তুলে দেওয়া হল। ২১ জুন বর্ধমান স্টেশন চত্বরে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটির পক্ষ থেকে এই সমস্ত সামগ্রী কিশলয় পাঠশালায় পাঠরত শিশুদের হাতে তুলে দেন সংস্থার সদস্যবৃন্দ। এ প্রসঙ্গে কিশলয়-এর সম্পাদক ডক্টর গোপাল ঘোষাল বলেন, এখানে সারা বছর স্থানীয় পথশিশুদের পাঠদান করা হয়। কারণ তারা অনেকেই বিদ্যালয় শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত নয়। কেউ কেউ আবার যুক্ত থাকলেও তারা ঠিকমতো বিদ্যালয়ে যায় না। তাই তাদের সপ্তাহে নির্দিষ্ট দিনে শিক্ষাদান করা হয়। এর পাশাপাশি তাদের নাচ, গান, আবৃত্তি ইত্যাদি শেখানো হয়। আমাদের মূল লক্ষ্য হলো এই শিশুদের সমাজের মূলস্রোতের সঙ্গে যুক্ত করা ও সুস্থ স্বাভাবিক জীবন যাপনে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি জানান, ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা, ওল্ড সিটির পক্ষ থেকে কিশলয়-এর ছাত্রছাত্রীদের সুবিদার্থে একটি মাইক্রোফোন কেনার জন্য ১০ হাজার টাকার চেকও প্রদান করা হয়েছে। আমরা এই সংস্থার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।


