1
জলসত্র অভিযানে এগিয়ে এলেন জনপ্রতিনিধিরা
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের বোঁয়াইচন্ডিতে বসন্ত চন্ডীমাতার মন্দির প্রাঙ্গণে অম্বুবাচী উপলক্ষ্যে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে পাঁচ দিন ধরে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এখানে। বর্ষাকাল শুরু হলেও এখনও দাবদাহ রয়েছে। ফলে এই মন্দির প্রাঙ্গণে আগত ভক্তদের গরমে তৃষ্ণা নিবারণের জন্য জলসত্রের আয়োজন করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহায়তায় এবং খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের তত্ত্বাবধানে আয়োজিত এই জলসত্র অভিযানে অংশ নেন জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন তারা আগত ভক্তদের হাতে পানীয় জল তুলে দেওয়ার পাশাপাশি তাদের মিষ্টি মুখও করান। অপার্থিব ইসলাম বলেন, এখানে আগত ভক্তদের যাতে পানীয় জলের জন্য কোনোরকম সমস্যায় পড়তে না হয় তারজন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভক্তদের পাশে থাকতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। বিশ্বনাথ রায় বলেন, মানুষের কল্যাণে যেকোনো কাজে জেলা পরিষদ সবসময় সহায়তা করে।
2
বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এসএফআই-এর ডেপুটেশন
পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে ছাত্রছাত্রীরা। এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই সমস্যার সমাধানে দাবিতে আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সাময়িক সুরাহা মিললেও স্থায়ী সমাধান করতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এই সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে আগাম চিঠি দিলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপস্থিত ছিলেন। ফলে রেজিস্ট্রারের সঙ্গে আলোচনায় উঠে আসে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের সমস্যাগুলি।
এসএফআইয়ের পক্ষ থেকে বলা হয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিকাঠামোর ঘাটতি, পর্যাপ্ত পানীয় জলের অভাব, অপরিচ্ছন্ন টয়লেট, হোস্টেলের অপর্যাপ্ত পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুমের রক্ষণাবেক্ষণের অভাব সহ বিভিন্ন ঘাটতির ফলে ছাত্রছাত্রীদের ভুগতে হচ্ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে GS CASH সেল এখনও পর্যন্ত গঠন হয়নি। ক্যাম্পাসে ICC ও Anti Ragging Committee গঠন ছাত্রছাত্রীদের মতামতের ভিত্তিতে না করে কর্তৃপক্ষের পছন্দের কমিটি গঠন হয়েছে। এর ফলে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা কতটা সুরক্ষিত রাখা যাবে তাতে প্রশ্ন থেকে যাচ্ছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে এই সমস্যাগুলির সমাধানের দাবিতে ডেপুটেশন দেয় এসএফআই। পরিকাঠামোর মানোন্নয়ন ও অ্যাকাডেমিক ক্যালেন্ডারের মান্যতা দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক আশ্বাস দিলেও, ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রছাত্রীদের স্বার্থবিরোধী অগণতান্ত্রিক, অবৈধ, মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদের কার্যকলাপ বন্ধ করতে কোনো ইতিবাচক আশ্বাস দিতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন ডেপুটেশন কর্মসূচীতে এসএফআই-এর জেলা সম্পাদক উষসী রায় চৌধুরী, সভাপতি প্রবীর ভৌমিক, রাজ্য কমিটির সদস্য অয়ন মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
3
মেমারীতে স্বপ্নসন্ধানীর উদ্যোগে পরিবেশ ভাবনা ও বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষা
মেমারীর স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র প্রতিবছরের মতো এই বছরেও বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্যোগ নেয়। এই উপলক্ষ্যে ২২ জুন আয়োজন করা হয় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাৎসরিক সাংস্কৃতিক পরীক্ষার। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট বাচিক শিল্পী রামকৃষ্ণ কুণ্ডু। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন—পরিবেশ ও সংস্কৃতির এই যুগ্ম চর্চাই আগামী প্রজন্মকে একটি সুস্থ ও সুশৃঙ্খল জীবনের দিশা দেখাতে পারে। যা আগামী প্রজন্মের জন্য এক সুস্থ ও সচেতন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এদিন উপস্থিত সকলের হাতে বৃক্ষচারা প্রদান করা হয়। যা সংস্থার পরিবেশ রক্ষার বার্তাকে আরও জোরালো করে তোলে , দেওয়া হয় সবুজে ফেরানোর বার্তা।
উপস্থিত ছিলেন শিক্ষক ‘বৃক্ষবন্ধু’ সোমনাথ গুপ্ত, সাংবাদিক শেখ সামসুদ্দিন, পরীক্ষক শিক্ষিকা রুমসু মুখার্জী , অভয়া দাস, চন্দ্রা মিত্র সহ অভিভাবক অভিভাবিকা ও ছাত্রছাত্রী সহ আরও অনেক।
রামকৃষ্ণ কুণ্ডু জানান, বৃক্ষচারা বিতরণের পাশাপাশি বিগত বছরের রোপিত গাছের অনলাইন প্রদর্শনী এবং পরিবেশ বিষয়ক এবং সাংস্কৃতিক চর্চার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দিনটি আরও অর্থবহ হয়ে ওঠে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সংস্থার ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্য অনুষ্ঠানে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাজ সচেতনতামূলক বার্তা পৌঁছে দিয়ে মানুষকে সচেতনতার কাজ এই সংস্থা নিয়মিত করে চলছে। তাদের এই উদ্যোগ আগামী দিনেও চলবে বলে জানান রামকৃষ্ণ কুন্ডু।


