গলসীর চালকলে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি
পূর্ব বর্ধমানের গলসীর একটি চালকলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধান, চাল, ব্রান, বস্তা ও মূল্যবান যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। চালকল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৭ কোটি টাকা।
দুপুর প্রায় ১২টা নাগাদ চালের গুদামে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা পুরো চালকলে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। খবর পেয়ে গলসী থানার পুলিশ ও দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকলের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গলসীর ওসি কৃপাসিন্ধু ঘোষ ও বিধায়ক রাজু পাত্র। তিনি জানান, চালকলের পাশ দিয়ে ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন থাকায় উদ্বেগ আরও বেড়েছিল, তবে দমকল, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।


