গভীর ঘুমে যখন আচ্ছন্ন সবাই তখনই পুণ্যার্থী বোঝাই বাস ঢুকে গেল গৃহস্থের ঘরে
গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন তখন ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। পুণ্যার্থী বোঝাই বাস ঢুকে গেল গৃহস্থের ঘরের মধ্যে। অল্পের জন্য প্রাণে বাঁচলো তারা। তবে ভেঙে গেল ঘর। ভয়াবহ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের ইলামবাজার এলাকায়। ঘটনায় আহত হয়েছেন আটজন। গুরুতর আহত দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চকদিঘী এলাকায়।
উল্লেখ্য, এই ঘটনাটি ঘটেছে আনুমানিক ভোর সাড়ে তিনটে নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, মায়াপুর থেকে ট্যুরিস্ট বাসটি ৬০ জন যাত্রীকে নিয়ে খানাকুলের হরিশচন্দ্রপুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে বাসটি। পরে একটি বাড়িতে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে এই ট্যুরিস্ট বাস। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আটজন। তাদের মধ্যে দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলো চালক ও খালাসি। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসার পর বর্ধমান হাসপাতালে তাদের রেফার করা হয় বলে পুলিশ জানিয়েছে।


