গঙ্গাভাঙন কবলিত কিশোরগঞ্জ পরিদর্শনে বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার, স্থায়ী সমাধানের দাবি
জেলার পূর্বস্থলী-দক্ষিণ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার বৃহস্পতিবার পূর্বস্থলী-১ নম্বর ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাভাঙন কবলিত কিশোরগঞ্জ এলাকা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন বিডিও অনন্যা বিশ্বাস, সেচ দপ্তরের আধিকারিক ও প্রশাসনের প্রতিনিধিরা।
গঙ্গাবক্ষে নৌকায় করে ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করা হয়। পরে কিশোরগঞ্জ গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিনের গঙ্গাভাঙনে বসতভিটা ও কৃষিজমি ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি ভাঙাচোরা রাস্তা, পর্যাপ্ত আলোর অভাব-সহ একাধিক নাগরিক সমস্যার কথাও তুলে ধরেন তাঁরা। তাঁদের দাবি, অস্থায়ী ব্যবস্থা দিয়ে দীর্ঘমেয়াদী এই সমস্যার সমাধান সম্ভব নয়।
বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার গঙ্গাভাঙন প্রতিরোধ ও এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


