ক্যান্সার পেশেন্টের জটিল অস্ত্রোপচার বর্ধমানে | রক্তদান কর্মসূচীতে এগিয়ে এলেন রাজ্য সরকারি কর্মচারীরা | ল কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচী


1
ক্যান্সার পেশেন্টের জটিল অস্ত্রোপচার বর্ধমানে

একজন ক্যান্সার পেশেন্টের জটিল অস্ত্রোপচার করা হয় বর্ধমান সান হসপিটালে। দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের আন্তরিক সহযোগিতায় এই সফল অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সান হসপিটালের কর্ণধার আলহাজউদ্দিন সাহেব। তিনি বলেন, এই হাসপাতালের সঙ্গে যুক্ত অনকোলজিস্ট ও অ্যানাস্থেসিস্ট চিকিৎসাবৃন্দের প্রচেষ্টায় এই অস্ত্রোপচার সফল হয়। (পজ্)

এই অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত চিকিৎসকরা এ ব্যাপারে তাদের মতামতও তুলে ধরেন। (পজ্)

2
রক্তদান কর্মসূচীতে এগিয়ে এলেন রাজ্য সরকারি কর্মচারীরা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ২১ জুলাইকে সামনে রেখে শহীদ তর্পণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, প্রাক্তন জেলা সভাধিপতি দেবু টুডু, জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক ও বাগবুল ইসলাম, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রমুখ। এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন মূলত বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট নিরসনে সহযোগিতা করে বলে উল্লেখ করেন খোকন দাস। তিনি বলেন, রক্তদান বিষয়টিকে আজকে উৎসবের রূপ দেওয়া সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায়। তিনি রাজ্য সরকারি কর্মচারীদের এই সামাজিক কাজে অংশগ্রহণের বিষয়টিকে সাধুবাদ জানান।

এই সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ সাঁই বলেন, এদিনের রক্তদান শিবিরে আড়াইশো জন রক্তদাতা রক্তদান করেছেন। এই রক্ত সংগ্রহ করেছেন বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। রাজ্য সরকারি কর্মচারীরা এই শিবিরকে সফল করার জন্য সর্বোতভাবে উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে আবারও এই ধরনের প্রচেষ্টা তারা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন বিশ্বজিৎবাবু।

3
ল কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচী

দক্ষিণ কলকাতার ল কলেজে এক ছাত্রীকে তৃণমূলের নেতাদের দ্বারা গণধর্ষণের অভিযোগ ওঠায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচী পালন করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে বর্ধমানে পথে নামলেন এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডাবলুএ-র সদস্য সমর্থকরা। এই সমস্ত সংগঠনের জেলা কমিটির উদ্যোগে বর্ধমানের রাস্তায় পথ অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি জানান। নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। এই প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অমৃত রায়। ডিওয়াইএফআই জেলা সম্পাদক শুভাশীষ মিত্র, মহিলা সমিতির জেলা সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তারা সকলেই কলকাতার ল কলেজের ঘটনার তীব্র নিন্দা করেন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।