কোনোরকম হিংসাত্মক কাজ বরদাস্ত করা হবে না, জানালেন ডিএম-এসপি


কোনোরকম হিংসাত্মক কাজ বরদাস্ত করা হবে না, জানালেন ডিএম-এসপি

কোনোরকম হিংসাত্মক কাজ পূর্ব বর্ধমান জেলায় কোথাও বরদাস্ত করা হবে না বলে জানালেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল। তিনি বলেন, কিছু জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটেছে। যারা এই ধরনের কাজ করছেন তাদের পরিষ্কার বলা হচ্ছে, কোনোভাবেই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। কঠোর পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ বিভাগ ও সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায় পদক্ষেপ নিয়েছেন। কোনোরকম রাজনৈতিক হিংসায় জড়ানো যাবে না। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যারা অপরাধ করবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সুপার সায়ক দাস বলেন, কোথাও কেউ কোনোভাবে হিংসাত্মক কাজের সঙ্গে যুক্ত হবেন না। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন ও সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। গতকাল রাতে বিভিন্ন জায়গায় রেড করা হয়েছে। আজও রেড করা হবে। ইতিমধ্যেই প্রায় পঞ্চাশটি এফআইআর হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কোনোভাবে কেউ যেন হিংসা না ছড়ান। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন বলে মনে করছেন তারা সাবধান হয়ে যান।

এ ব্যাপারে প্রত্যেককে সাবধান থাকার কথা বলেন সেন্ট্রাল ফোর্সের আধিকারিক। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনার মোকাবিলা করা হবে কড়া হাতে। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা যেন বিষয়টা মনে রাখেন।