1
কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিকরা
৫৯ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সম্বর্ধিত করা হলো অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশন, বর্ধমান সার্কেলের পক্ষ থেকে। একই সঙ্গে এই কৃতী ছাত্রছাত্রীদের জীবনে বিশেষ ভূমিকা রাখা তাদের মা ও ঠাকুমাদেরও সম্বর্ধিত করা হলো। বর্ধমান রবীন্দ্রভবনে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ আয়োজক সংগঠনের নেতৃত্ববৃন্দ। আয়োজক সংগঠনের পক্ষ থেকে বর্ধমান সার্কেলের সম্পাদক অশোক দে বলেন, এখানে যে ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হলো তাদের মধ্যে একজনই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিবারের সদস্য। বাকি ৫৮ জন সমাজের পিছিয়ে পড়া শ্রেণী থেকে আগত। তারা মূলত বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, হুগলি, নদীয়া ইত্যাদি জেলার বাসিন্দা। এদিন তাদের হাতে মানপত্র, স্মারক, উত্তরীয় ও আর্থিক অনুদান সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন এই কৃতী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এভারেস্ট বিজয়ী সৌমেন সরকার, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক গাছ মাস্টার অরুপ চৌধুরী, এক টাকার শিক্ষক বুদ্ধিশ্বর মন্ডল ও বিশিষ্ট সমাজকর্মী নন্দিতা পাল চৌধুরীকেও সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অশোক দে বলেন, এই প্রত্যেকটি মানুষই আমাদের জীবনে অনুপ্রেরণা। আমরা চাই আজকের কৃতী ছাত্র-ছাত্রীরা আগামী দিনে আমাদের দেশ ও সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করুক। এদিনের অনুষ্ঠান মঞ্চে নৃত্য সংগীত ইত্যাদিও পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন আয়োজকদের পক্ষে আশিস চক্রবর্তী। খোকন দাস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিশেষ করে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত ও তাদের সহযোগিতা করার মধ্যে দিয়ে এই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারীরা সমাজের প্রতি একটা গুরু দায়িত্ব পালন করে চলেছেন। তাদের এই উদ্যোগ সার্থক হোক এই শুভকামনা জানাই।
2
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান কর্মসূচী
একজন মুমূর্ষু রোগীকে জীবন দান করার লক্ষ্য নিয়ে রক্তদান করুন — এই বার্তাকে সাথী করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন রিজিয়ন ১, বার্ডওয়ান এবং আরএএসএমই সিসিসি কাম এস এ আর সি বার্ডওয়ান-এর যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে এই শিবিরে আগত রক্তদাতাদের উপস্থিত নেতৃত্ববর্গ স্বাগত জানান। তারা বলেন, প্রতিবছরই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্ধমান ইউনিভার্সিটি ব্রাঞ্চ ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তের সংকট নিরসনে এই রক্তদান শিবিরের আয়োজন, বলে জানান উদ্যোক্তারা। সংগঠনের নেতৃত্বরা বলেন, এ বছর তাদের রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ২০০ ইউনিট। এই সংগৃহীত রক্ত তারা রশ্মি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন। তাদের আশা, এখান থেকে সংগৃহীত রক্ত অবশ্যই বহু রোগীর জীবনদানে সহযোগী ভূমিকা নেবে।


