পূর্বস্থলীতে রাস উৎসবে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলিকে পুরস্কার প্রদান II স্নান করতে নেমে ভাগীরথীতে তলিয়ে গেল দুই শিশু II ব্যস্ততম রাস্তায় বাইক, টোটো ও স্কুটির সংঘর্ষে পায়ের আঙুল কাটা গেল বাইক আরোহীর

 

 

 

কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে রাস উৎসব। এবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরে কেন্দ্রীয় রাস উৎসব কমিটির উদ্যোগে রাস উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হলো। এই উপলক্ষ্যে স্থানীয় শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দেবাশিস নাগ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাস উৎসব কমিটিগুলিকে সেরা প্রতিমা ,সেরা মণ্ডপ ও সেরা আলোকসজ্জা ইত্যাদির উপর পুরুস্কৃত করা হয়। তার পাশাপাশি পূর্বের ঘোষণা মতো সমাজে সচেতনতামূলক বার্তা যেমন পথ নিরাপত্তা, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ রোধ, সেফ ড্রাইভ সেভ লাইফ ইত্যাদি জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য ৮২ টি পুজো কমিটির হাতে ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেয় কেন্দ্রীয় রাস উৎসব কমিটি। বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া ক্লাবগুলির হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি এখানে রাস উৎসবে অংশগ্রহণকারী ৮২ টি ক্লাবকেও পুরস্কৃত করা হয় কেন্দ্রীয় রাস উৎসব কমিটির পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী স্বপন দেবনাথ সচেতনতার বার্তা দিয়ে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সকলকে হেলমেট পরে দিচক্রযান চালাতে বলেন। এ ব্যাপারে কোনোরকম অবহেলা না করার পরামর্শ দেন স্বপনবাবু।

 

 

ভাগীরথীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই শিশু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটের কাছে। জানা যায়, প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন। ঠিক তখনই দুটি শিশু গেঞ্জি খুলে স্নান করতে নামে। দীর্ঘক্ষণ ওই দুইজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিলো। তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎ জলে তলিয়ে যায় তারা। এরপর আর উঠে আসেনি। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই শিশুর বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছরের হবে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। তাদের অনুমান ওই দুই শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকবে তারা। পুলিশ ওই দুই শিশুর পরিচয় জানার পাশাপাশি তাদের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় রীতিমত শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিষয়টির প্রতি নজর রেখেছে পুলিশ প্রশাসন

 

 

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে নবদ্বীপ শহরের ব্যস্ততম হীরালাল পাল রোড কপালি পাড়ার কাছে। ঘটনায় গুরুতর আহত বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানতে পারা গেছে, গুরুতর আহত ওই বাইক আরোহীর নাম বিশ্বরূপ দাস। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পোড়াঘাট এলাকায়। ঘটনায় বেশকিছু টোটো আরোহী ও নবদ্বীপ হাসপাতালে কর্মরত এক নার্সও অল্পবিস্তর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানতে পারা যায়,শনিবার বিকেলে হীরালাল পাল রোড ধরে কপালিপাড়ার দিক থেকে প্রতাপনগরের দিকে বাইক চালিয়ে যাচ্ছিল আহত বিশ্বরূপ দাস। পেছনে অন্য বাইকে ছিল তার বন্ধুরা। সেই সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা যাত্রী বোঝাই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে বাইককে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। সেই সময় টোটোর পাশ দিয়ে স্কুটি চালিয়ে আসছিলেন নবদ্বীপ হাসপাতালে কর্মরত এক নার্স। টোটোটি উল্টে স্কুটির উপরে পড়লে স্কুটিটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনায় স্থানীয় মানুষজন ও বিশ্বরূপের বন্ধুরা বিশ্বরূপ সহ অন্যান্যদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও বিশ্বরূপকে ভর্তি করে শুরু হয় চিকিৎসা। জানা যায় এই ঘটনায় বিশ্বরূপের একটি পায়ের আঙুল কাটা গেছে। ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।