ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক মিটে এবার স্বর্ণপদক পেলেন বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠের শারীরশিক্ষা বিভাগের শিক্ষক অরূপ কুমার সাহা। ৫৫ থেকে ৫৯ বছর বয়স গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়ে অরূপবাবু লং জাম্পে স্বর্ণপদক, ২০০ মিটার দৌড়ে রৌপ পদক এবং ৪০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। উত্তর চব্বিশ পরগণার অশোকনগর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও বাংলাদেশ ও শ্রীলংকার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। জানা গেছে, এই প্রতিযোগিতায় মোট ৬৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে থেকে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। এ প্রসঙ্গে তার অভিমত জানাতে গিয়ে অরূপ কুমার সাহা বলেন, মূলত বয়স্কদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমি বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। এই প্রতিযোগিতায় শুধুমাত্র শিক্ষকরাই অংশগ্রহণ করেন তা নয়। ৩০ থেকে ৮০ বছর বয়সী, এমনকি ১০০ বছর বয়স পর্যন্ত সক্ষমরাও যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আমার বয়স এখন ৫৫ প্লাস। আমি ইতিপূর্বেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। এখানেও আমি পুরস্কার লাভ করেছি। এই পুরস্কার প্রাপ্তি আমাকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও অনুপ্রেরণা যোগাবে।


