1
কালনায় মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট, প্রকাশ্যে টাকা গুনে পকেটে চোর
কালনা থানার তালবোনা এলাকার সার্বজনীন শ্রী চৈতন্য কীর্তন কমিটির রাধাগোবিন্দ মন্দিরে প্রণামী বাক্স ভেঙে টাকা লুট করে পালাল এক চোর। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বস্তায় টাকা নিয়ে স্থানীয় একটি সোনার দোকানের সামনে প্রকাশ্যে টাকা গুনে পকেটে ঢোকাচ্ছে সে। মন্দির কমিটি জানায়, গ্রিলের পাশের স্লাইডিং কাচ সরিয়ে লাঠি দিয়ে প্রণামী বাক্স টেনে বের করে পাথর দিয়ে ভেঙে টাকা লুট করা হয়। ঘটনার পর দোকানি ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
2
বিনামূল্যে ওপিডি পরিষেবা ও ওষুধ দেবে আহাদ হাসপাতাল
সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ওপিডি পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার উদ্যোগ নিয়েছে মাল্টি স্পেশালিটি আহাদ হসপিটাল। সাংবাদিক বৈঠকে ডিরেক্টর আব্বাসউদ্দিন সাহেব জানান, মুখ্যমন্ত্রীর আহ্বানে আয়ুষ্মান দিবসকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি সামাজিক পরিষেবা শুরু হচ্ছে। হাসপাতালে আয়ুষ্মান কার্ডে সারা দেশের মানুষ চিকিৎসা পাবেন, যেখানে আগে স্বাস্থ্যসাথীতে শুধু পশ্চিমবঙ্গের মানুষ সুবিধা পেতেন।
সোমবার থেকে শনিবার সকাল ১০টা–দুপুর ২টা এবং দুপুর ৩টে–বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে ওপিডি পরিষেবা মিলবে। সব ধরনের চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় এসেন্সিয়াল মেডিসিনও বিনামূল্যে দেওয়া হবে।
3
বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে শনিবার ভোর সাড়ে ৫টায় নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোতে পারে। এর প্রভাবে ২৯ আগস্ট থেকে বৃষ্টি শুরু হয়েছে, ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা।
১ সেপ্টেম্বর পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ২-৫ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কলকাতাতেও বৃষ্টি বাড়বে।
বৃষ্টিতে নিচু এলাকা ও আন্ডারপাসে জল জমা, ফসল-উদ্যানচাষের ক্ষতি, বজ্রপাত, কাঁচা বাড়ির দেওয়াল ক্ষতি ও যান চলাচলে সমস্যা হতে পারে। বজ্রপাত বা প্রবল বৃষ্টিতে নিরাপদ আশ্রয়ে থাকতে, গাছ-বিদ্যুতের খুঁটির নিচে ও জলাশয়ের কাছে না যেতে পরামর্শ আবহাওয়া দপ্তরের।
4
এক কাপ চা-ই বাঁচালো প্রাণ! নেপালের ধসের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অবসরপ্রাপ্ত শিক্ষক
নেপালের ভয়াবহ ধসের কবল থেকে প্রাণে বেঁচে বর্ধমানের বিধানপল্লী ঘোষপাড়া পূর্ব মাঠের বাসিন্দা, বর্ধমান টাউন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ কুমার তা শনিবার মধ্যরাতে বাড়ি ফেরেন। রবিবার তিনি জানান, ২১ আগস্ট বর্ধমান থেকে রওনা দেন। ২৫ আগস্ট রাত সাড়ে ৮টায় ভিসার নিশ্চিত বার্তা পাওয়ার পর প্রবল বৃষ্টির কারণে রাতে না বেরিয়ে ২৬ আগস্ট ভোর সাড়ে ৬টায় রওনা হন।
সকাল ৯টার মধ্যে গন্তব্যে পৌঁছনোর কথা থাকলেও, সকাল ৮টা ৪৪-৪৫ মিনিট নাগাদ মাত্র আধ ঘণ্টা আগে সাব-বেসিন এলাকা ধসে যায় এবং চায়নিজ ইমিগ্রেশন সেন্টার ভেসে যায়। অন্তত ১০১ জনের নিখোঁজ বা মৃত্যুর আশঙ্কা তৈরি হয়। যাত্রাপথে ব্রিজের কাছে জ্যামে ১৫-২০ মিনিট আটকে চা খেতে নেমেছিলেন তাঁরা। সেই এক কাপ চায়ের বিরতিই প্রাণ বাঁচায়। পরে কষ্টে ট্রেনের টিকিট কেটে বাড়ি ফেরেন কল্যাণবাবু।
5
খণ্ডঘোষে ভেঙে পড়ল বসতবাড়ি, অল্পের জন্য রক্ষা পেল একই পরিবারের ৮ সদস্য
শনিবার রাতে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার খাটিকা গ্রামের ২০৪ নম্বর বুথ এলাকায় আচমকাই একটি বসতবাড়ি ভেঙে পড়ে। বাড়িটি আয়েশা বিবি হাজারির বলে জানা গেছে। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে পরিবারের ৮ সদস্য ছিলেন। বিকট শব্দে আতঙ্ক ছড়ালেও দ্রুত বাইরে বেরিয়ে আসায় বড় প্রাণহানি এড়ানো যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেত্রী রাখি রায়। তিনি পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানান। বিপদের সময় পাশে থাকার পাশাপাশি অস্থায়ী থাকার ব্যবস্থা ও সরকারি আবাস যোজনায় দ্রুত পাকা বাড়ির ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
6
ঝালদায় দিন-দুপুরে বুনো হাতির দলের রাস্তা পারাপার, কুলাজাঙ্গায় চাঞ্চল্য
রবিবার সকাল ৯টা নাগাদ ঝালদা রেঞ্জের জারগো সংলগ্ন কুলাজাঙ্গা এলাকায় ১০-১২টি বুনো হাতিকে মূল রাস্তা পার হতে দেখা যায়। ঝালদা ও বাঘমুন্ডি রেঞ্জের ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় প্রায় প্রতিদিনই হাতির আনাগোনা থাকলেও দিনের বেলায় রাস্তা পার হওয়ায় আতঙ্ক ছড়ায়। পরে হাতির দলটি জঙ্গলে চলে যায়।
খবর পেয়ে এলাকায় ভিড় জমিয়ে মোবাইলে ছবি তুলতে শুরু করেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বনকর্মীরা পৌঁছে মাইকিং করে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেন। এলাকায় নজরদারি চলছে।
7
রাজনৈতিক বিরোধিতা ছেড়ে হালকা আলাপচারিতায় তাপস-কুণাল
বিধানসভার গেটের সামনে আচমকাই মুখোমুখি হন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায় ও বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দু’জনকে হালকা মেজাজে কথা বলতে দেখা যায়। তাপসের বাড়িতে গিয়ে লুচি ও পটল ভাজা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন কুণাল।
তাপসকে কুণাল বলেন, “বউদিকে বলো, লুচি আর পটল ভাজাটা পাওনা রইলো। যে কোনও দিন বাড়ি গিয়ে খাব। তোমার সঙ্গে আমার সম্পর্ক মানুষকে বোঝানো শক্ত। এর সঙ্গে সবসময় রাজনীতি মেলালে হবে না।” তিনি আরও বলেন, তাপসকে ভালো বলায় একবার তাঁকে দল সাসপেন্ড করেছিল।
জবাবে তাপস তৃণমূলের অন্দরের দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে বলেন, “একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের লোকজন, আর একদিকে অভিষেকের পছন্দের লোকজন। দুটো আবার একে অপরের উল্টো।”
8
শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
সোমবার সকালে শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকলকর্মীরা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে। কীভাবে আগুন লাগলো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও স্পষ্ট নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।


