তৃণমূল প্রধানকে ডিম থেরাপি, টমেটোর আড়ালে কয়লা পাচার | সর্বমঙ্গলা মন্দির চুরিতে বড় সাফল্য | আজকের বাংলা খবর

1
তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ডিম থেরাপি

তৃণমূল কংগ্রেসের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। এবার রাজ্যে সরকার বদলের পর জনরোষে গণধোলাই ও ডিম থেরাপির শিকার হলেন পুরুলিয়ার আড়রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান তুফান কুমার রায়। বুধবার আড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের শ্রমিক নেতা তুফান কুমার রায় আড়রা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যেতেই গণধোলাই ও ডিম থেরাপির শিকার হন। গণধোলাইয়ের মাঝে আদ্রা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ পঞ্চায়েত প্রধানকে সুকৌশলে উদ্ধার করে আদ্রা থানায় নিয়ে আসে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

2
টমেটোর আড়ালে কয়লা পাচার! দুর্ঘটনায় ফাঁস পাচারচক্রের ছক

বর্ধমান-সিউড়ি ১১৪ নম্বর জাতীয় সড়কের গুসকরা ফাঁড়ি সংলগ্ন এলাকায় টমেটো বোঝাই একটি ম্যাটাডোর দুর্ঘটনার পর ফাঁস হয়ে গেল অবৈধ কয়লা পাচারের চাঞ্চল্যকর ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোরটি উল্টে যায়। উদ্ধারকাজে গিয়ে দেখা যায়, টমেটোর ক্যারেটের আড়ালে গাড়ির গোপন খোপে লুকিয়ে রাখা ছিল বিপুল পরিমাণ অবৈধ কয়লা।

খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে কয়লা উদ্ধার করে। গোটা পাচারচক্রের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

3
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে চুরির ঘটনার পুনঃনির্মাণ করতে অভিযুক্তদের মন্দিরে নিয়ে এলো পুলিশ

বর্ধমানের ঐতিহাসিক ও ঐতিহ্যমন্ডিত মা সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেল বর্ধমান থানার পুলিশ। ঘটনার ১৩ দিনের মাথায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে মন্দিরে প্রাঙ্গণে এনে গোটা চুরির ঘটনার পুনর্নির্মাণ (রিকনস্ট্রাকশন) করেন তদন্তকারীরা। অভিযুক্তদের দেখার জন্য মন্দির চত্বরে ভিড় জমান বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে সমগ্র মন্দিরের ভিডিও দেখেই চুরি করার ছক কষে বলে জানান অভিযুক্তরা। ‌কিভাবে মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকেছে পুলিশের সামনেই তারা অভিনয় করে দেখায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মণ্ডল। আলমগীরের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার সব্দলপুর এলাকায় এবং মনিরুলের বাড়ি আমডাঙ্গা থানার শিকিরা গ্রামে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৩০৩(২) ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার বর্ধমান আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
ঘটনার পরদিন শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ।

4
রঘুনাথপুরের বিজেপি বিধায়িকার হোয়াটসঅ্যাপ হ্যাক, বিভিন্ন মানুষের কাছে টাকা চেয়ে মেসেজ, থানায় লিখিত অভিযোগ

পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়িকা মামনি বাউড়ির হোয়াটসঅ্যাপ হ্যাক করে তাঁর পরিচিত বিভিন্ন মানুষের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনায় নিতুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়িকা। তাঁর অভিযোগ, তাঁকে বদনাম করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও পুরুলিয়া জেলার কাশীপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা একই ধরনের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বারবার এই ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করুক, তেমনটাই চাইছেন সংশ্লিষ্ট মহল।

5
দক্ষিণেশ্বর স্টেশনের ডাউন লাইনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, বন্ধ দু’দিকের ট্রেন চলাচল

পূর্ব রেলের গুরুত্বপূর্ণ দক্ষিণেশ্বর স্টেশনে ডাউন লাইনের ওভারহেডের তার হঠাৎ করেই ছিঁড়ে যায়। এরফলে আপ এবং ডাউন দুদিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এই সময় প্রতিটি স্টেশনে যাত্রীদের ভিড় থাকে। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিশেষ করে অফিস যাত্রীরা বিপাকে পড়েন। সমস্যায় পড়েছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও।

6
ইসকনের হাতেই মিড ডে মিল, তবু পাতে থাকবে ডিম: মুখ্যমন্ত্রীর ঘোষণা

মিড ডে মিলে ইসকনের ভূমিকা নিয়ে বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১ অগস্ট থেকে সরকারি স্কুলে সপ্তাহে এক বা দু’দিন সেদ্ধ ডিম দেওয়া হবে। ইসকন খাবার সরবরাহ করলেও পড়ুয়াদের পুষ্টির বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে, যা ১ অগস্ট থেকেই কার্যকর হবে। কলকাতায় চালু পাইলট প্রকল্প এবার রাজ্যের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, ১ অগস্ট দুপুর ১২টায় প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে। পাশাপাশি মিড ডে মিল কর্মীদের মাসিক সম্মানী ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করারও ঘোষণা করেন তিনি।

7
অশোক ব্লাড ব্যাঙ্ক ঘিরে চাঞ্চল্য, ৬ মাসে ২ কোটি টাকার রক্ত বিক্রির অভিযোগ

যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে বিহার ও উত্তরপ্রদেশে প্রায় ২ কোটি টাকার রক্ত ও রক্তজাত উপাদান বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, এই সময়ে ৩,২৬২ ইউনিট লোহিত রক্তকণিকা (RBC) অন্য রাজ্যে পাঠানো হয়েছে। তদন্তে আরও অভিযোগ উঠেছে, এসএসকেএম-এর দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়াকে ডাক্তার পরিচয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অশোক ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দফতর। গোটা ঘটনার নেপথ্য খতিয়ে দেখা হচ্ছে।