প্রিন্সিপ্যালের পদত্যাগের দাবিতে বর্ধমানের উইমেন্স কলেজে ছাত্রীদের বিক্ষোভ, কলেজ গেটের সামনে মোতায়েন পুলিশ

প্রিন্সিপ্যালের পদত্যাগের দাবিতে বর্ধমানের উইমেন্স কলেজে ছাত্রীদের বিক্ষোভ, কলেজ গেটের সামনে মোতায়েন পুলিশ

প্রিন্সিপ্যালের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল বৃহস্পতিবার বর্ধমান উইমেন্স কলেজ চত্বর। কলেজের মূল ফটকের বাইরে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন একদল ছাত্রী। তাদের হাতে ছিল বিভিন্ন দাবি-সম্বলিত প্ল্যাকার্ড ও পতাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং মহিলা পুলিশ বাহিনী। বিক্ষোভকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।
বিক্ষোভরত ছাত্রীদের অভিযোগ, কলেজের নানা মৌলিক সমস্যার দীর্ঘদিন ধরে কোনও সমাধান হচ্ছে না। বারবার বিষয়গুলি জানানো হলেও কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে অধ্যক্ষ ড. আসরফী খাতুন, সমস্যার সমাধানে উদ্যোগী হননি। তাই বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
ছাত্রীদের আরও অভিযোগ, কলেজের পরিকাঠামো দিন দিন বেহাল হয়ে পড়ছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা না থাকা, ছাত্রছাত্রীদের ন্যূনতম সুবিধা না মেলার কারণে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত সমস্যার সমাধান করতে হবে এবং কলেজ পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ ড. আসরফি খাতুন। তিনি বলেন, “ওরা কী কারণে বিক্ষোভ করছে, আমরা কিছুই বুঝতে পারলাম না। যদি কোনও দাবি বা অভিযোগ থেকে থাকে, তাহলে তারা সরাসরি আমার কাছে এসে জানাতে পারত। কিন্তু তা না করে নিজেদের ইচ্ছামতো বিক্ষোভ দেখিয়েছে। বর্তমানে কলেজে পরীক্ষা চলছে। এই ধরনের আন্দোলনের ফলে পরীক্ষার পরিবেশ ব্যাহত হয়েছে এবং কলেজের যথেষ্ট ক্ষতি হয়েছে”।
ঘটনার জেরে কলেজ চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।