গলসীতে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রীর গাড়ি, অল্পের জন্য রক্ষা
গলসী থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের সারুল মোড় এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতী টুডু। দুর্ঘটনায় গাড়ির চালক আহত হন। আহত দু’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মালতী টুডু বর্ধমান থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেইসময় সারুল মোড় এলাকায় একটি ভটভটি ভ্যান হঠাৎ জাতীয় সড়কের মাঝখানে চলে আসায় একটি ট্রেলারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই পরিস্থিতি সামলাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় গলসী থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মালতী টুডু এবং তার গাড়ির চালককে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসক সূত্রে জানা গেছে, চালকের ডান হাতে আঘাত লেগেছে। তবে মালতী টুডু বড় ধরনের আঘাত পাননি। তিনি আপাতত সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।


