পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ২ কোটি টাকার বেশি নগদ
বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম, গোয়েন্দা পুলিশ ও টেকনো সিটি থানার যৌথ অভিযানে নিউটাউনের ৭৮৬ নম্বর স্ট্রিটের একটি বাড়ি থেকে উদ্ধার হলো ২ কোটি টাকার বেশি নগদ। উদ্ধার করা হয়েছে একাধিক টাকা গোনার অত্যাধুনিক মেশিন, চারটি গাড়ি ও একটি স্কুটি।
এই ঘটনায় এক মহিলা-সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে সোমবার দুপুর তিনটে নাগাদ অভিযান চালানো হয়। বাড়ির ভেতরে বিপুল পরিমাণ টাকার বান্ডিল দেখতে পেয়ে তদন্তকারীরা সাতজনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে হাওয়ালা যোগের তথ্য সামনে আসে।
সূত্রের খবর, টেকনো সিটি থানা এলাকার ওই ভাড়া বাড়ি থেকেই বেশ কিছুদিন ধরে হাওয়ালার কাজ চলছিল এবং ধৃতদের অধিকাংশই ভিন রাজ্যের বাসিন্দা।


