বারুইপুর কাণ্ড: ঘটনাস্থল পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের
বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। পুলিশ সূত্রে দাবি, বুধবার গভীর রাতে অপরাধস্থলের পুনর্নির্মাণের জন্য সূর্যপুরে নিয়ে যাওয়া হলে প্রভাস এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ছেলের মৃত্যুর খবর পেয়ে প্রভাসের মা জানিয়েছেন, তিনি এই ঘটনায় দুঃখিত নন এবং ছেলের মরদেহ আনতেও হাসপাতালে যাবেন না।


