বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীদের বিস্ফোরক অভিযোগ, অবশেষে সদর থানায় লিখিত অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীদের বিস্ফোরক অভিযোগ, অবশেষে সদর থানায় লিখিত অভিযোগ

একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীদের একাংশ বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মচারী ইউনিয়নের কয়েকজন নেতার বিরুদ্ধে। একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন তারা। ১৭ জুন এই অভিযোগ করা হয়।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে অস্থায়ী কর্মীদের কাজে নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে কর্মীদের বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। তাঁদের বক্তব্য, উচ্চশিক্ষিত ব্যক্তিদের অশিক্ষিত কর্মীদের জন্য নির্ধারিত কাজে লাগানো হয়েছে, আবার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে কাজ দেওয়া হয়েছে।
অভিযোগকারীরা আরও দাবি করেছেন, কয়েকজন মহিলা কর্মচারীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দেওয়া হয়েছে এবং চাকরি বজায় রাখা বা কাজের সুবিধা পাওয়ার জন্য মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও সরকারি ভাবে প্রমাণিত হয়নি, তবুও অভিযোগ সামনে আসতেই বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অস্থায়ী কর্মচারীদের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে ভয় ও চাপের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। তবে সাম্প্রতিক সময়ে একাধিক কর্মী একজোট হয়ে প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান সদর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।