ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য
জেলার কালনা থানার অন্তর্গত কালিনগর ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার। জানা গেছে, এদিন সকালে স্থানীয় এলাকার টোটো চালকরা প্রথম একটি ব্যাগ পড়ে থাকতে দেখে ওই এলাকায়। ব্যাগ খুলতেই দেখা যায় ব্যাগে ভর্তি রয়েছে কচ্ছপ। কিভাবে ব্যাগ ভর্তি কচ্ছপ ওই এলাকায় পৌঁছলো ? কেউ বা কারা সেটিকে পাচার করার চেষ্টা করছিল কিনা বা বিক্রির উদ্দেশ্যে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা ? সমস্ত কিছুরই তদন্ত করছে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশকে খবর দেওয়া হলে ধাত্রীগ্রাম ফাঁড়ির পুলিশ এসে কচ্ছপগুলিকে নিয়ে যায়। জানা গেছে, ব্যাগে সাতটি কচ্ছপ ছিল। অন্যদিকে আরও জানা গেছে, বনদপ্তরের হাতে উদ্ধার হওয়া এই কচ্ছপগুলিকে তুলে দেওয়া হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।



