জামালপুর ব্লক তৃণমূল কার্যালয় ঘিরে ফেললো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খানের একটি দোকান ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী, চাঞ্চল্য

জামালপুর ব্লক তৃণমূল কার্যালয় ঘিরে ফেললো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খানের একটি দোকান ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী, চাঞ্চল্য

জেলার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এবং তার ঠিক সামনে থাকা ব্লক সভাপতি মেহেমুদ খানের ব্যক্তিগত সম্পত্তি তথা ‘খান বস্ত্রালয়’ নামক একটি কাপড়ের দোকান থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণের সরকারি ত্রাণ সামগ্রী। বৃহস্পতিবার ব্লক প্রশাসন, বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলের উপস্থিতিতে এই উদ্ধারকার্য চালানো হয়।
সূত্রের খবর, এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত রাখার বিষয়ে প্রথম পদক্ষেপ নেন বিধায়ক অরুণ হালদার। তিনি জেলা শাসককে একটি লিখিত চিঠি পাঠিয়ে বিষয়টি জানান। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। এডিএম-এর নির্দেশে জামালপুরের বিডিও পার্থসারথী দে পুরো বিষয়টি তদারকি শুরু করেন। চূড়ান্ত গোপনীয়তা ও আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল নিয়ে বিডিও স্বয়ং ঘটনাস্থলে পৌঁছোন। তালা বন্ধ কার্যালয় ও দোকান থেকে উদ্ধার কাজ শুরু করা হয়।
প্রাথমিক সূত্রে জানা গেছে, মেহেমুদ খানের ব্যক্তিগত মালিকানাধীন বন্ধ কাপড়ের দোকান ‘খান বস্ত্রালয়’ এবং সংলগ্ন তৃণমূল দলীয় কার্যালয়ের ভেতর থেকে থরে থরে সাজানো সরকারি ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছে। সরকারি ত্রাণ কেন এবং কী উদ্দেশ্যে এভাবে দলীয় কার্যালয় ও ব্যক্তিগত সম্পত্তিতে মজুত করে রাখা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।