
মেমারি পৌরসভার চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগপত্র জমা
মেমারির রাজনীতিতে এক অভূতপূর্ব রাজনৈতিক সংকট ! একে একে ধস নামল মেমারি পৌরসভায়। মেমারি পৌরসভার পৌরপতি স্বপন বিষয়ী সহ এখনও পর্যন্ত মোট ১১ জন কাউন্সিলর সোমবার তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। সকাল থেকেই নির্বাচিত তৃণমূল কাউন্সিলরদের মধ্যে পদত্যাগপত্র জমা দেওয়ার এক ব্যাপক হিড়িক লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরেই এই মেমারি পৌরসভাটি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং তাদের দখলেই ছিল। কিন্তু সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে এই এলাকায় তৃণমূলের কার্যত ভরাডুবির পর থেকেই ভেতরে ভেতরে ক্ষোভ তৈরি হচ্ছিল। আজ আচমকাই ব্যক্তিগত কারণ দেখিয়ে একের পর এক কাউন্সিলর পদত্যাগ করতে শুরু করেন।মেমারি পৌরসভায় মোট ১৬ জন কাউন্সিলর ছিলেন, যার মধ্যে ১১ জনই আজ পদত্যাগ করায় পৌরসভার বোর্ড কার্যত অস্তিত্ব সংকটে পড়ে গেল। আগামী দিনে এই পৌরসভা কীভাবে চলবে? কোনো প্রশাসক বসানো হবে, নাকি নতুন করে নির্বাচন হবে? তার কোনো সঠিক সিদ্ধান্ত বা রূপরেখা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মেমারির রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।


